‘অশ্লীল’ ও ‘কুরুচিকর’ দৃশ্য ট্রেন্ডে ‘পাঠান’ বয়কটের ডাক

বলিউড়ের বিভিন্ন ছবি মুক্তি পাওয়ার আগে পড়ছে বয়কটের মুখে। বয়কট ট্রেন্ডের মধ্যেই কিছু সিচিনেমা ব্যবসা করলেও বেশিরভাগ সিনেমা এবার দেখেনি সাফল্যের মুখ। আর এবার পাঠানের গান মুক্তি পাওয়ার পর নতুন করে শুরু হয়েছে বয়কট ট্রেন্ড।
মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন অশ্লীল ও কুরুচিকর দৃশ্য বাদ না দিলে রাজ্যের কোথাও চলবেনা ‘পাঠান’ সিনেমা। তাই এবার মুক্তির আগেই চিন্তায় সিনেমার নির্মাতারা।
বলিউড তারকা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’ সিনেমা মুক্তি পাবে আগামী বছরের ২৫ জানুয়ারি। গত ১২ ডিসেম্বর মুক্তি পেয়েছে ছবিটির প্রথম গান ‘বেশরম রং’। গানটি মুক্তি পেতেই শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। তবে, নেটিজেনদের একাংশ মোটেই ভালো চোখে দেখছেন না ‘বেশরম রং’ গানে দীপিকার গেরুয়া রঙের বিকিনি পরা।
১২ ডিসেম্বর বেলা ১১টায় ‘যশ রাজ ফিল্মস’র ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি। স্পেনের নয়নাভিরাম লোকেশনে, বোটের ওপর লাস্যময়ী দীপিকা পাড়ুকোন উত্তাপ বাড়াচ্ছে। তার ওপর শিল্পা রাওয়ের কণ্ঠের মাদকতা অন্য মাত্রা এনে দিয়েছে গানে। বিশাল-শেখর জুটির কম্পোজিশনে তৈরি এই গানে রয়েছে স্প্যানিশ লিরিক্সও। ইউটিউবে গানের ক্যাপশনে লেখা হয়, ‘এ জুটির হাত ধরে নেশা ধরবে।’ গানটি শাহরুখ খানের পেজেও মুক্তি দেওয়া হয়েছে। পাঠান ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম।