SPORTS: ‘মেসিই সর্বকালের সেরা’-জানিয়ে দিলেন আর্জেন্টাইন কোচ স্কালোনি

সর্বকালের সেরা ফুটবলার কে? ফুটবলে এই প্রশ্নটার উত্তর খুব সহজেই কেউ বের করতে পারবে না। কারণ সেরার গল্পে মেসির ঠিক পাশেই আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ডিয়েগো ম্যারাডোনা, পেলে কিংবা জিনেদিন জিদানের নামও এই তালিকায় এসে ভীড় করে।
চারদিকে যখন সর্বকালের সেরার বিতর্ক, তখনই সমাধান নিয়ে এলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তার কাছে সর্বকালের সেরা নিয়ে কোনো বিতর্ক নেই। তার কাছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিই সর্বকালের সেরা ফুটবলার।
কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে লুসাইল স্টেডিয়ামে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালের মঞ্চে পা রেখেছে আর্জেন্টিনা। এই ম্যাচেও মেসি নিজে গোল করেছেন, করিয়েছেন। মেসির এমন পারফর্ম্যান্সের পর তাকে নিয়ে প্রশংসা ঝরান স্কালোনি।
স্কালোনির ভাষ্য, ‘মেসি যে ইতিহাসের সেরা ফুটবলার এটা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। অনেকেই ভাবতে পারেন আমরা আর্জেন্টাইন বলে হয়তো কথাটা বলি। কিন্তু আসলে তা না। যখনই সে মাঠে নামে কোনো না কোনো সুযোগ তৈরি করবে। তাকে কোচিং করাতে পেরে আমি সম্মানিত বোধ করছি।’
মেসির শ্রেষ্ঠত্বের সঙ্গে তার হাতে শিরোপাটাও তুলে দিতে চান স্কালোনি। একই সঙ্গে সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। স্কালোনি বলেন, ‘একজন আর্জেন্টাইন হিসেবে এই স্বপ্নটাই দেখেছি। পরাজয়েও আর্জেন্টাইনরা আমাদের পাশে ছিল। এটা আসলে ভুলে যাওয়ার মতো না।’