এমবাপ্পের কাঁধেই গুরুভার, ঘোষিত ফ্রান্সের বিশ্বকাপ দল! বাদ পড়লেন কে?

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। বিশ্বজয়ের এই মহাযজ্ঞের কাউন্টডাউন যখন তুঙ্গে, ঠিক তখনই আন্তর্জাতিক ফুটবলে বড় ধামাকা। আমেরিকা, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে চলা মেগা টুর্নামেন্টের জন্য নিজেদের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে দিল গতবারের রানার্সআপ ফ্রান্স। অভিজ্ঞ কোচ দিদিয়ের দেশঁর অধীনে এবং রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে এবার নিজেদের তৃতীয় বিশ্বকাপ ট্রফি জয়ের লক্ষ্যে মাঠে নামবে ‘লে ব্লুস’রা।

তবে দল ঘোষণার পরেই ফরাসি শিবিরে লেগেছে বড় ধাক্কা। সবাইকে চমকে দিয়ে বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা।

তারুণ্য ও অভিজ্ঞতার মেলবন্ধন

এবারের ফরাসি স্কোয়াডে তারুণ্য এবং অভিজ্ঞতার এক দুর্দান্ত ভারসাম্য বজায় রেখেছেন কোচ দিদিয়ের দেশঁ। আক্রমণভাগে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের সঙ্গে থাকছেন পিএসজির উসমান দেম্বেলে ও তরুণ তুর্কি ব্র্যাডলি বারকোলা। রক্ষণ সামলানোর মূল দায়িত্ব দেওয়া হয়েছে আর্সেনালের উইলিয়াম সালিবা ও বায়ার্ন মিউনিখের দায়ো উপামেকানোকে। মাঝমাঠে মাঝেমধ্যেই ভরসা জোগাবেন অভিজ্ঞ এনগোলো কান্তে ও আদ্রিয়েন রাবিও।

কেন বাদ পড়লেন কামাভিঙ্গা?

মাত্র মাস দেড়েক আগেও ফ্রান্সের জার্সিতে ম্যাচ খেলেছিলেন কামাভিঙ্গা। তবে লাগাতার ইনজুরি ও ক্লাবের হয়ে অনিয়মিত খেলার কারণেই এবার বিশ্বকাপের টিকিট হাতছাড়া হলো তাঁর। এই বিষয়ে ফরাসি কোচ দিদিয়ের দেশঁ বলেন, “কঠিন একটা মরসুম কাটিয়েছে ও। চোটের কারণে রিয়াল মাদ্রিদের হয়ে খুব বেশি ম্যাচ খেলতে পারেনি। ও এখনও যথেষ্ট তরুণ। আমাকে দলের ভারসাম্যের কথা মাথায় রেখে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। আমি ওর হতাশাটা বুঝতে পারছি।” ফ্রান্সের হয়ে ইতিমধ্যে ২৯টি ম্যাচ খেলে ফেলা কামাভিঙ্গা গত মরসুমে একাধিক চোটে ভুগেছিলেন।

এক নজরে ফ্রান্সের বিশ্বকাপ সূচি (গ্রুপ-আই):

  • ১৭ জুন ২০২৬: ফ্রান্স বনাম সেনেগাল

  • ২৩ জুন ২০২৬: ফ্রান্স বনাম ইরাক

  • ২৭ জুন ২০২৬: ফ্রান্স বনাম নরওয়ে

২৬ সদস্যের ফরাসি স্কোয়াড:

  • গোলরক্ষক: মাইক মাইনান, ব্রিস সাম্বা ও রবিন রিসার।

  • রক্ষণভাগ: দায়ো উপামেকানো, উইলিয়াম সালিবা, লুকা দিনিয়ে, থিও হার্নান্দেজ, লুকাস হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, জুলস কুন্দে, মালো গুস্তো ও ম্যাক্সেন্স ল্যাক্রোয়া।

  • মধ্যমাঠ: এনগোলো কান্তে, আদ্রিয়েন রাবিও, মানু কোনে, অরেলিয়ান চুয়ামেনি ও ওয়ারেন জায়ার-এমেরি।

  • আক্রমণভাগ: কিলিয়ান এমবাপ্পে (অধিনায়ক), উসমান দেম্বেলে, মাঘনেস আকলিউশ, মাইকেল অলিস, ডেজিরে দুয়ে, ব্র্যাডলি বারকোলা, রায়ান চেরকি, মার্কাস থুরাম ও জিন-ফিলিপ মাতেতা।

Editor001
  • Editor001