উচ্চ মাধ্যমিকে নরেন্দ্রপুরের দাপট! ৪৯৬ পেয়ে প্রথম আদৃত, চমক দিল শ্রীরামপুরের মেঘাও! দেখুন মেধাতালিকা

অপেক্ষার অবসান! পরীক্ষা শেষ হওয়ার ঠিক ৭৬ দিনের মাথায় প্রকাশিত হলো ২০২৬ সালের উচ্চ মাধ্যমিকের ফলাফল। বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়। এ বছর পাশের হার এবং মেধাতালিকার হিসেবে ফের একবার ছাত্রীদের তুলনায় ছাত্রদের দাপট লক্ষ্য করা গিয়েছে। তবে নজর কেড়েছে শ্রীরামপুরের মেঘা মজুমদার।

মেধাতালিকায় কারা শীর্ষে?
এবারের উচ্চ মাধ্যমিকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের জয়জয়কার। ৪৯৬ নম্বর পেয়ে সম্ভাব্য প্রথম স্থান অধিকার করেছেন আদৃত পাল। অন্যদিকে, ছাত্রীদের মধ্যে সম্ভাব্য প্রথম হওয়ার গৌরব অর্জন করেছেন শ্রীরামপুর রমেশ চন্দ্র গার্লস হাই স্কুলের ছাত্রী মেঘা মজুমদার। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯২। মেধাতালিকায় মেঘা রয়েছেন পঞ্চম স্থানে।

সংসদ সূত্রে খবর, এবারের মেধাতালিকায় মোট ৬৪ জন জায়গা করে নিয়েছেন। যার মধ্যে ৫৮ জন ছাত্র এবং ৮ জন ছাত্রী। মেধাতালিকায় ছেলেদের আধিপত্য থাকলেও এবার পরীক্ষার্থীর সংখ্যার বিচারে ছাত্রীরা টেক্কা দিয়েছে ছাত্রদের। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রীদের সংখ্যা ছাত্রদের চেয়ে প্রায় ৬৬,৬২৩ জন বেশি ছিল। উল্লেখ্য, এবার একজন থার্ড জেন্ডার পরীক্ষার্থীও পরীক্ষায় বসেন এবং তিনি সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।

একই কেন্দ্রে তিন ধরণের পরীক্ষার্থী
এবারের উচ্চ মাধ্যমিক ছিল কিছুটা ব্যতিক্রমী। শিক্ষক সংকট সামাল দিতে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষকদেরও গার্ডের দায়িত্ব দেওয়া হয়েছিল। পাশাপাশি, এবার একই পরীক্ষাকেন্দ্রে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার, তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি এবং পুরনো সিলেবাস—এই তিন ধরণের পরীক্ষার্থীই অংশ নিয়েছিলেন। গত ১২ ফেব্রুয়ারি শুরু হয়ে পরীক্ষা শেষ হয়েছিল ২৭ ফেব্রুয়ারি।

কীভাবে দেখবেন ফলাফল ও মার্কশিট?
সংসদ জানিয়েছে, আজ থেকেই স্কুলগুলো থেকে মার্কশিট ও শংসাপত্র সংগ্রহ করতে পারবে পড়ুয়ারা। তবে অনলাইনেও রেজাল্ট দেখার সুবিধা রয়েছে।

রেজাল্ট দেখার ওয়েবসাইট:

wbchse.wb.gov.in

result.wb.gov.in

কীভাবে দেখবেন?
১. উপরে দেওয়া যে কোনো একটি ওয়েবসাইটে যান।
২. ‘HS Result 2026’ লিঙ্কে ক্লিক করুন।
৩. নির্দিষ্ট বক্সে নিজের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর লিখুন।
৪. সাবমিট করলেই স্ক্রিনে ফুটে উঠবে আপনার রেজাল্ট।

DigiLocker-এর মাধ্যমে মার্কশিট ডাউনলোডের পদ্ধতি:
অনলাইনের পাশাপাশি ডিজিট্যাল লকারেও ফলাফল সেভ করে রাখা যাবে। এর জন্য:
১. DigiLocker অ্যাপ বা ওয়েবসাইটে যান।
২. নাম, মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে সাইন আপ করুন।
৩. লগইন করার পর ‘Education’ সেকশনে গিয়ে ‘WB HS Result 2026’ লিঙ্কে ক্লিক করুন।
৪. প্রয়োজনীয় নথিপত্র (আধার বা রোল নম্বর) দিয়ে সাবমিট করলেই ডিজিটাল মার্কশিট ডাউনলোড করা যাবে।