ধামাকা সিদ্ধান্ত শুভেন্দুর! ১৮তম বিধানসভার স্পিকার হচ্ছেন রথীন্দ্র বোস, বদলে যাচ্ছে সমীকরণ?

১৮তম পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বা স্পিকার পদ নিয়ে জল্পনার অবসান ঘটল। বিজেপির তরফে এই গুরুত্বপূর্ণ পদের জন্য মনোনীত হলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বর্ষীয়ান বিধায়ক রথীন্দ্র বোস। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই রথীন্দ্রনাথ বসুর নাম প্রস্তাব করেন এবং তাঁর প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন।

শুভেন্দুর পছন্দ উত্তরবঙ্গের অভিজ্ঞ মুখ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর পোস্টে রথীন্দ্র বোসকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, কোচবিহার দক্ষিণের বিধায়ককে অধ্যক্ষ পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। মুখ্যমন্ত্রীর বিশ্বাস, রথীন্দ্র বোসের মতো অভিজ্ঞ নেতৃত্ব বিধানসভার গরিমা ও সংসদীয় গণতান্ত্রিক ঐতিহ্য রক্ষায় অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবেন। তিনি আরও আশা প্রকাশ করেন যে, রথীন্দ্র বোস সর্বসম্মতিক্রমেই এই পদে নির্বাচিত হবেন।

শুক্রবারেই কি দায়িত্ব নিচ্ছেন রথীন্দ্র?
বিধানসভা সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক থাকলে শুক্রবারই স্পিকার হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন রথীন্দ্র বোস। নিয়ম অনুযায়ী, বিরোধী দল যদি পাল্টা কোনো প্রার্থী না দেয়, তবে ভোটের প্রয়োজন পড়বে না এবং তিনি সর্বসম্মতিক্রমে নির্বাচিত হবেন।

মনোনয়ন পাওয়ার পর রথীন্দ্র বোস বলেন, “পশ্চিমবঙ্গের মানুষ যে আশা নিয়ে আমাদের ভোট দিয়েছেন, ঠিক সেভাবেই আমরা বিধানসভা চালানোর চেষ্টা করব।” পরে সোশ্যাল মিডিয়ায় তিনি মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, কোচবিহারের মানুষের আশীর্বাদ নিয়ে তিনি বিধানসভার মর্যাদা রক্ষা ও জনস্বার্থে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।

প্রোটেম স্পিকার হিসেবে শপথ তাপস রায়ের
উল্লেখ্য, গত মঙ্গলবার বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিয়েছেন তাপস রায়। রাজভবনে রাজ্যপাল আরএন রবি তাঁকে শপথবাক্য পাঠ করান। শপথ নেওয়ার পর তাপস রায় জানিয়েছিলেন যে, ১৫ মে শুক্রবার বিধানসভার নতুন অধ্যক্ষ নির্বাচন হবে। সেই নির্ঘণ্ট মেনেই বৃহস্পতিবার শাসক শিবিরের তরফে প্রার্থীর নাম ঘোষণা করা হলো।