রেশন থেকে এবার উধাও হবে আটা! শুভেন্দু সরকারের মেগা সিদ্ধান্তে তোলপাড় রাজ্য

রাজ্যের রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এবং দীর্ঘদিনের ‘আটা সিন্ডিকেট’ ভাঙতে বড়সড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। এবার থেকে রেশন দোকানগুলিতে আর প্যাকেটজাত আটা মিলবে না। তার পরিবর্তে উপভোক্তাদের সরাসরি উন্নত মানের গম সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য দপ্তর। মঙ্গলবার খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন।
কেন এই আকস্মিক সিদ্ধান্ত? খাদ্য দপ্তর সূত্রে খবর, রেশনে সরবরাহ করা আটার গুণমান নিয়ে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের মনে ক্ষোভ ছিল। প্যাকেজিং এবং আটার মধ্যে ভেজালের মাত্রা নিয়ে ভুরি ভুরি অভিযোগ জমা পড়ত নবান্নে। এর পাশাপাশি রেশন ডিলারদের একাংশের বিরুদ্ধে খোলা বাজারে আটা বিক্রি করে দেওয়ার গুরুতর অভিযোগও উঠে আসছিল। এই দুর্নীতি ও সিন্ডিকেট রাজ চিরতরে বন্ধ করতেই সরকার আটা সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
কী পাবেন উপভোক্তারা?
-
গমের সরবরাহ: বর্তমানে কার্ড প্রতি যে ২.৮৫ কেজি থেকে ৩ কেজি আটা বা গম পাওয়া যেত, তার সমপরিমাণ উন্নত মানের গম এবার থেকে উপভোক্তারা পাবেন।
-
মজুত আটার বিলি: সরকারি গুদামে বর্তমানে যতটুকু আটা মজুত রয়েছে, তা শেষ না হওয়া পর্যন্ত বিলি করা হবে। তবে নতুন করে আর কোনো আটা সংগ্রহ করবে না রাজ্য সরকার।
-
জুন থেকে নতুন নিয়ম: মে মাসে এই পরিবর্তনের কারণে কিছুটা সমস্যা হতে পারে, তবে জুন মাস থেকেই রাজ্যজুড়ে উৎকৃষ্টমানের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে।
অনুপ্রবেশকারীদের ওপর কোপ ও কড়া হুঁশিয়ারি: খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, “রেশনে কোনো রকম দুর্নীতি সহ্য করা হবে না। খারাপ চাল বা গম নিয়ে কারচুপি ধরা পড়লেই সংশ্লিষ্ট ডিলারের লাইসেন্স অবিলম্বে বাতিল করা হবে।” এর পাশাপাশি তিনি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করে জানান, যাঁরা ভারতের নাগরিক নন অর্থাৎ অনুপ্রবেশকারী, তাঁরা কোনোভাবেই রেশন কার্ডের সুবিধা পাবেন না।
রাজনৈতিক মহলের মতে, ডবল ইঞ্জিন সরকারের এই সক্রিয়তা রেশনে স্বচ্ছতা আনার পাশাপাশি গরিব মানুষের কাছে সঠিক মানের খাদ্যদ্রব্য পৌঁছে দিতে সাহায্য করবে। তবে আটার বদলে গম দেওয়ার সিদ্ধান্তে সাধারণ মানুষের রান্নার অভ্যাসে কতটা প্রভাব পড়ে, এখন সেটাই দেখার।