লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের কি নতুন ফর্ম ভরতে হবে? অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় আপডেট দিলেন অগ্নিমিত্রা পাল

কথা রাখল নতুন সরকার। ক্ষমতায় আসার পর প্রথম ক্যাবিনেট বৈঠক থেকেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১ জুন থেকেই রাজ্যে কার্যকর হতে চলেছে বহুল প্রতীক্ষিত ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ (Annapurna Bhandar) প্রকল্প। এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলারা মাসে ৩,০০০ টাকা করে সরাসরি নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন।

লক্ষ্মীর ভাণ্ডার কি তবে বন্ধ?
রাজ্যের নতুন মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট করে জানিয়েছেন, যাঁরা আগে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, তাঁরা সকলেই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন। অর্থাৎ, ১৫০০ টাকার বদলে এখন থেকে দ্বিগুণ টাকা অর্থাৎ ৩০০০ টাকা পাবেন মহিলারা। তবে এই টাকা দেওয়ার আগে একটি বড়সড় ‘অ্যানালিসিস’ বা তথ্য যাচাইয়ের প্রক্রিয়া চালানো হবে বলে জানিয়েছে নবান্ন।

কাদের নাম বাদ যাবে?
অগ্নিমিত্রা পালের বক্তব্য অনুযায়ী, সরকারি টাকা দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে চাইছে নতুন সরকার। তিনি বলেন, “যাঁরা মারা গিয়েছেন কিংবা যাঁরা আমাদের দেশের নাগরিক নন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।” মূলত ভুয়ো উপভোক্তা চিহ্নিত করতেই এই যাচাইকরণ প্রক্রিয়া। বিজেপি প্রার্থী সঞ্জয় সিং-ও একই সুরে জানিয়েছেন, বহু যোগ্য ব্যক্তি সুবিধা পাচ্ছিলেন না, আবার অনেক ভুয়ো লোক টাকা পাচ্ছিলেন। সেই তালিকা সংশোধন করেই ১ জুন থেকে সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফার (DBT) শুরু হবে।

১ জুন থেকেই কি টাকা?
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নের বৈঠক শেষে স্পষ্ট করে দেন, ১ জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। তবে তার আগে একটি ভেরিফিকেশন হবে। যদি কেউ অযোগ্য হয়েও আগে টাকা পেয়ে থাকেন, তবে নতুন তালিকায় তাঁদের নাম বাদ পড়বে।

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, বিজেপি সরকার গড়তেই লক্ষ্মীর ভাণ্ডারকে ‘আপগ্রেড’ করে ৩০০০ টাকার অন্নপূর্ণা ভাণ্ডার করার পথে হাঁটল। জুনের শুরুতেই বাংলার মহিলাদের হাতে এই ‘শীতল পরশ’ পৌঁছে দিতে তৎপর নবান্ন।