উচ্চ মাধ্যমিকের ফলের আগে নবান্নে বড় রদবদল! শংসাপত্রে কার সই থাকবে? তুঙ্গে জল্পনা

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর প্রশাসনের অন্দরে ব্যাপক রদবদল শুরু হয়েছে। মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে বিভিন্ন সরকারি বোর্ড ও সংস্থা ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু হতেই রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। ইস্তফা দেওয়ার হিড়িক লেগেছে বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকদের মধ্যে। আর এই টালমাটাল পরিস্থিতির মাঝেই বড় প্রশ্ন উঠে গিয়েছে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ এবং শংসাপত্র (Certificate) নিয়ে।
ফলপ্রকাশের মুখেই প্রশাসনিক সংকট?
আগামী ১৪ মে উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফল প্রকাশের কথা। কিন্তু তার ঠিক আগেই শিক্ষা সংসদের শীর্ষ স্তরে রদবদলের জল্পনা শুরু হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন পরীক্ষার্থী ও অভিভাবকরা। বিশেষ করে ৬ লক্ষ ৩৫ হাজার পরীক্ষার্থীর মার্কশিট ও সার্টিফিকেটে কার স্বাক্ষর থাকবে, তা নিয়ে ধন্দ তৈরি হয়। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শিক্ষা দফতর সূত্রে জানানো হয়েছে, নির্ধারিত দিনেই ফল প্রকাশিত হবে।
কেন থেকে যেতে হচ্ছে বিদায়ী সভাপতিকে?
সূত্র মারফত জানা গিয়েছে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বর্তমান সভাপতি পার্থ কর্মকারের স্বাক্ষর ইতিমধ্যেই কয়েক লক্ষ শংসাপত্রে ছাপা হয়ে গিয়েছে। এই মুহূর্তে তাঁকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দিলে আইনি ও প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারত। এমনকি সার্টিফিকেট নতুন করে ছাপানোর প্রয়োজন পড়লে ফলপ্রকাশ অনেকটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। সেই সংকট এড়াতেই আপাতত তাঁকে পদে থেকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দায়বদ্ধতা নিয়ে কী বললেন পার্থ কর্মকার?
মঙ্গলবার এই বিষয়ে মুখ খুলেছেন খোদ সংসদ সভাপতি। তিনি সংবাদমাধ্যমকে জানান, “আমি একজন সরকারি আধিকারিক। সরকার যেখানে দায়িত্ব দেবে, সেখানেই নিষ্ঠার সঙ্গে কাজ করব। আগেও দায়বদ্ধ ছিলাম, এখনও আছি।” আগামী ১৪ মে সকাল ১০টা ৩০ মিনিটে তাঁর উপস্থিতিতেই আনুষ্ঠানিকভাবে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করা হবে।
পরিকাঠামো বদলের পথে সরকার
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবার কিছুটা ভিন্ন আঙ্গিকে হয়েছিল। পুরনো পদ্ধতির পাশাপাশি নতুন সেমেস্টার প্রথার সমন্বয় ছিল এবারের পরীক্ষায়। নতুন সরকার ক্ষমতা দখলের পর শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তনের যে ইঙ্গিত দিয়েছে, এই রদবদল তারই প্রাথমিক ধাপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে আপাতত ছাত্রছাত্রীদের স্বার্থে কোনো বড় ঝুঁকি নিতে নারাজ নবান্ন।