শুভেন্দুই কি বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী? জল্পনার মাঝেই মুখ খুললেন শিশির অধিকারী, কী ইঙ্গিত দিলেন বর্ষীয়ান রাজনীতিক?

তিনি নিজে রাজনীতির ময়দানের এক পোড় খাওয়া খেলোয়াড়। ছিলেন সাংসদ, বিধায়ক, এমনকি সামলেছেন কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্বও। কিন্তু বর্তমানে বাংলার রাজনৈতিক অলিন্দে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি নন, বরং তাঁর ‘মেজ পুত্র’। নন্দীগ্রামের পর এবার ভবানীপুরের লড়াইয়েও জয়ের স্বাদ পেয়েছেন তাঁর ছেলে শুভেন্দু অধিকারী। আর এই জোড়া সাফল্যের পরই রাজ্যজুড়ে একটিই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে— তবে কি শুভেন্দুই হচ্ছেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী?

এই হাই-ভোল্টেজ জল্পনার আবহে এবার মুখ খুললেন শুভেন্দুর পিতা তথা বর্ষীয়ান রাজনীতিক শিশির অধিকারী। টিভি৯ বাংলাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ছেলের ভবিষ্যৎ এবং বর্তমান শাসকদলের ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

শুভেন্দুর মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে কী বললেন শিশির?
ছেলের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে অত্যন্ত কৌশলী উত্তর দেন শিশির অধিকারী। তিনি বলেন, “আমি কী করে বলব বলুন? বিজেপি দিল্লি ভিত্তিক দল। অতএব, কেন্দ্রীয় নেতারা, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী এবং সর্বভারতীয় সভাপতি বসে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।” সরাসরি কিছু না বললেও, বিষয়টি যে এখন দিল্লির শীর্ষ নেতৃত্বের কোর্টে, তা স্পষ্ট করে দিয়েছেন তিনি।

মমতা ও তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ
সাক্ষাৎকারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তীব্র কটাক্ষ করেন শিশির। একসময় তৃণমূলের সঙ্গে দীর্ঘ পথ চলা এই নেতা বলেন, “আমি তো ওদের থেকে দূরে থাকতাম। শুভেন্দু কাছে থাকত। ও (শুভেন্দু) বুঝে ফেলেছিল ওই মানুষটা কী, আর তাঁর পরিবার কী। ও খুব দ্রুত এটা বুঝতে পেরেছিল বলেই গত ৫ বছর রাতদিন অক্লান্ত পরিশ্রম করেছে। পশ্চিমবঙ্গ জুড়ে ছুটে বেড়িয়েছে এবং মানুষকে সংগঠিত করেছে।”

রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং নিয়োগ দুর্নীতি নিয়েও ক্ষোভ উগরে দেন তিনি। ২৬ হাজার চাকরি বাতিলের প্রসঙ্গ টেনে শিশিরবাবুর অভিযোগ, “মানুষকে মানুষ বলে মনে করেন না ওঁরা। অহংকার আর পয়সা ছাড়া কিছু চেনেন না। গরু-ছাগলের মতো মানুষকে বিচার করা হয়।” এমনকি একসময়ের রাজনৈতিক সহকর্মীদের আর্থিক অবস্থা নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি।

শুভেন্দুর এই জয় এবং শিশির অধিকারীর এই কড়া অবস্থান কি বাংলার আগামীর ক্ষমতার সমীকরণ বদলে দেবে? সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে রাজনৈতিক মহলে।

Saheli Saha
  • Saheli Saha