৪ মে কি বন্ধ থাকবে ব্যাঙ্ক? বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিনে বড় আপডেট

সোমবার ৪ মে পশ্চিমবঙ্গসহ দেশের পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। অসম, কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং পুদুচেরির ভাগ্য নির্ধারণ হবে কাল। কিন্তু এই হাই-ভোল্টেজ দিনে সাধারণ মানুষের মনে একটিই বড় প্রশ্ন—ভোটের ফল প্রকাশের কারণে আগামিকাল কি ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হবে? কাজ কি আটকে যাবে আমজনতার? এই নিয়ে বিভ্রান্তি কাটাতে স্পষ্ট বার্তা দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।
সোমবার কি ব্যাঙ্ক বন্ধ?
আরবিআই-এর ক্যালেন্ডার অনুযায়ী, আগামিকাল ৪ মে সোমবার সারা দেশেই ব্যাঙ্ক খোলা থাকবে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার কারণে কোনও রাজ্যে পৃথকভাবে ব্যাঙ্ক ছুটি ঘোষণা করা হয়নি। অর্থাৎ, ভোট গণনার উত্তেজনার মধ্যেই স্বাভাবিক ছন্দেই চলবে লেনদেন। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে তামিলনাড়ু—সব রাজ্যেই গ্রাহকরা ব্যাঙ্কিং পরিষেবা পাবেন।
নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, আগামিকাল সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হবে। প্রথমে পোস্টাল ব্যালট এবং পরে ইভিএম-এর গণনা চলবে। দুপুরের মধ্যেই প্রাথমিক ট্রেন্ড পরিষ্কার হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। তবে গণনার আবহে ব্যাঙ্কে ভিড় বা নিরাপত্তা ব্যবস্থা কিছুটা কঠোর হতে পারে।
মে মাসে ছুটির লম্বা তালিকা
আগামিকাল ব্যাঙ্ক খোলা থাকলেও, মে মাস জুড়ে রয়েছে ছুটির লম্বা তালিকা। মাসের শুরুতেই ১ মে শ্রমিক দিবস উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ ছিল। এছাড়া মাসের বাকি দিনগুলোতে বেশ কিছু ছুটি রয়েছে:
-
শনিবার ও রবিবার: ৯ মে (দ্বিতীয় শনিবার) এবং ২৩ মে (চতুর্থ শনিবার) ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়া ১০, ১৭, ২৪ এবং ৩১ মে রবিবার হওয়ার কারণে ছুটি থাকবে।
-
রবীন্দ্রজয়ন্তী: ৯ মে দ্বিতীয় শনিবারের সাথেই পড়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী।
-
রাজ্য দিবস ও নজরুল জয়ন্তী: ১৬ মে কিছু রাজ্যে রাজ্য দিবস এবং ২৬ মে কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে নির্দিষ্ট কিছু এলাকায় ছুটি থাকতে পারে।
-
ইদ-উল-আযহা: ২৭ ও ২৮ মে ইদ উপলক্ষে দেশের অধিকাংশ রাজ্যে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে।
সুতরাং, ব্যাঙ্কিং সংক্রান্ত কোনও জরুরি কাজ থাকলে ক্যালেন্ডার মিলিয়ে আগেভাগেই সেরে রাখা বুদ্ধিমানের কাজ হবে। আপাতত সোমবারের জন্য চিন্তার কোনও কারণ নেই; সব কাজই মিটিয়ে নেওয়া যাবে নির্বিঘ্নে।