“OTP-ছাড়া মিলবে না রান্নার গ্যাস!”-সিলিন্ডার পেতে কি গুনতে হবে ২৫ দিন? জানুন বিস্তারিত

এপ্রিল শেষ হতেই কি হেঁশেলের আগুন আরও চড়বে? মে মাসের শুরুতেই কি রান্নার গ্যাসের দামে বড়সড় পরিবর্তন আসতে চলেছে? বিশ্ববাজারে অপরিশোধিত তেলের অস্থিরতা এবং পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির জেরে এই প্রশ্নই এখন কোটি কোটি ভারতবাসীর মনে। ১ মে থেকে শুধুমাত্র এলপিজি সিলিন্ডারের দাম নয়, বুকিং থেকে ডেলিভারি— আমূল বদলে যাচ্ছে এলপিজি (LPG) সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ নিয়ম।
১ মে কি দাম বাড়বে?
তেল বিপণন সংস্থাগুলি প্রতি মাসের ১ তারিখ এলপিজি সিলিন্ডারের নতুন দর ঘোষণা করে। গত মাসেই ১৪.২ কেজি গার্হস্থ্য সিলিন্ডারের দাম প্রায় ৬০ টাকা বেড়েছিল। অন্যদিকে, বাণিজ্যিক সিলিন্ডারের (১৯ কেজি) দাম গত দুই মাসে ধাপে ধাপে প্রায় ৩০০ টাকা বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারে গ্যাসের ঊর্ধ্বমুখী দামের কারণে মে মাসের শুরুতেও সিলিন্ডারের দাম আরও একদফা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
বুকিংয়ের নিয়মে কড়াকড়ি: অপেক্ষা বাড়বে গ্রাহকদের
জ্বালানি গ্যাসের অপব্যবহার এবং কালোবাজারি রুখতে সিলিন্ডার বুকিংয়ের নিয়মে বড় বদল আনছে সরকার। এখন থেকে একটি সিলিন্ডার বুক করার পর দ্বিতীয় সিলিন্ডারের জন্য অন্তত ২৫ দিন অপেক্ষা করতে হবে (লক-ইন পিরিয়ড)। আগে এই সময়সীমা ছিল ২১ দিন। শুধু তাই নয়, গ্রামাঞ্চলে এই সময়সীমা বাড়িয়ে ৪৫ দিন করার পরিকল্পনাও রয়েছে সরকারের। অর্থাৎ, ইচ্ছে হলেই যখন-তখন আর সিলিন্ডার বুক করা যাবে না।
ডেলিভারিতে ওটিপি (OTP) বাধ্যতামূলক
গ্যাস ডেলিভারি ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এবং ভর্তুকিযুক্ত সিলিন্ডারের চুরি রুখতে ওটিপি-ভিত্তিক ব্যবস্থা বা ‘ড্যাক’ (DAC) প্রক্রিয়াকে আরও কঠোর করা হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, ডেলিভারি কর্মী আপনার বাড়িতে সিলিন্ডার নিয়ে এলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই গোপন কোডটি ডেলিভারি বয়কে দিলেই তবেই আপনি সিলিন্ডার হাতে পাবেন। বর্তমানে দেশের ৯৪ শতাংশ ক্ষেত্রে এই নিয়ম কার্যকর থাকলেও, মে মাস থেকে এটি ১০০ শতাংশ বাধ্যতামূলক করার পথে হাঁটছে কেন্দ্র।
মে মাসের এই বদলগুলি আপনার মাসিক বাজেটে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে এখন থেকেই শুরু হয়েছে জোর চর্চা। তাই আগামীকাল সকালে ডিলারের কাছে যাওয়ার আগে বা বুকিং করার আগে এই নতুন নিয়মগুলো মাথায় রাখা অত্যন্ত জরুরি।