গোয়ার ‘টাইগার বিচ’ থেকে কচ্ছপদের গ্রাম! পকেটে মাত্র ৫০০০ টাকা থাকলেই ঘুরে আসুন এই ৩টি অফবিট স্বর্গে

ফ্লাইট থেকে নামলেন, ট্যাক্সি ধরলেন আর সোজা পৌঁছে গেলেন বাগা বা কালাঙ্গুটে। গিয়ে দেখলেন সমুদ্রের চেয়ে মানুষের ভিড় বেশি, ডিজের কানফাটানো আওয়াজ আর ৩৫০ টাকার প্রন কারি! ভাবছেন এটাই গোয়া? একদম ভুল। বাগা-কালাঙ্গুটের বিকিনি-সেলফি আর চড়া দামের ভিড়ে গোয়ার আসল ফ্লেভারটাই হারিয়ে গিয়েছে। খাঁটি গোয়া দেখতে হলে এবার নর্থ ছাড়ুন, পাড়ি দিন দক্ষিণ গোয়ার (South Goa) ৩টি সিক্রেট বিচে।
১. বাটারফ্লাই বিচ (Butterfly Beach): নামের মতোই সুন্দর এই বিচ। চারদিকে পাহাড় ঘেরা এই ছোট বিচে পৌঁছাতে হলে আপনাকে পালোলেম বা আগোন্ডা থেকে বোট ভাড়া করতে হবে (৮০০-১০০০ টাকা)। এখানে ডলফিনের লাফঝাঁপ আর শত শত প্রজাপতির ওড়াউড়ি আপনার মন ভরিয়ে দেবে। কোনো শ্যাক বা দোকান নেই, তাই সাথে জল ও খাবার নিয়ে যান। বিকেলের শান্ত নির্জনতায় এখানকার সূর্যাস্ত আপনার জীবনের সেরা অভিজ্ঞতা হতে পারে।
২. কাকোলেম বা টাইগার বিচ (Kakolem Beach): অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য এটি স্বর্গ। গুগল ম্যাপে ‘Tiger Beach’ লিখে পৌঁছে যান কোলা গ্রামে। সেখান থেকে পাথুরে ঢাল বেয়ে ১৫ মিনিটের ট্রেকিং। নিচে নামলেই দেখবেন জনশূন্য এক প্রাইভেট বিচ। ফোনের টাওয়ার এখানে পৌঁছায় না, শুধু পৌঁছায় ঢেউয়ের শব্দ। এখানকার ছোট ঝুপড়িতে মাত্র ১২০ টাকায় মেলে দুর্দান্ত ফিশ থালি।
৩. গালগিবাগা বা টার্টল বিচ (Galgibaga Beach): এটি মূলত কচ্ছপদের ডেরা। অলিভ রিডলে কচ্ছপরা এখানে ডিম পাড়তে আসে বলে এটি সরকারিভাবে সংরক্ষিত। ফলে এখানে কোনো লাউড মিউজিক, শ্যাক বা হোটেলের শোরগোল নেই। ১ কিমি আগে গাড়ি রেখে বালির ওপর দিয়ে হেঁটে যখন বিচে পৌঁছাবেন, দেখবেন শুধু আপনি আর লাল কাঁকড়ার দল। তবে মনে রাখবেন, সন্ধ্যা ৬টার পর এখানে থাকা নিষেধ।
পকেট ফ্রেন্ডলি গোয়া ট্রিপ: উত্তর গোয়ার চেয়ে দক্ষিণ গোয়ার এই অফবিট জায়গাগুলো অনেক সস্তা। নর্থ গোয়ায় যে বিয়ার ২২০ টাকা, এখানে তা মিলবে মাত্র ৮০-১০০ টাকায়। ৩ দিনের ট্রিপ ৫০০০ টাকার মধ্যেই সেরে ফেলা সম্ভব। স্কুটি ভাড়া দিনে ৩৫০ টাকা আর হোস্টেল ৬০০ টাকা প্রতি রাত।
জরুরি টিপস:
-
যাতায়াত: বাস চলে না, তাই স্কুটি ভাড়া নেওয়াই বুদ্ধিমানের কাজ।
-
টাকা: নেটওয়ার্কের সমস্যার কারণে UPI কাজ না-ও করতে পারে, তাই নগদ টাকা রাখুন।
-
পরিবেশ: প্লাস্টিক ফেললে ৫০০০ টাকা জরিমানা হতে পারে।
-
পোশাক: বিচে বিকিনি পরলেও গ্রাম্য এলাকায় ঘোরার সময় কাঁধ ঢেকে রাখুন, এটি স্থানীয়দের সংস্কৃতির প্রতি সম্মান।
পরের বার গোয়া গেলে ভিড়ের মেলায় না হারিয়ে এই ৩টি সিক্রেট ঠিকানায় হারিয়ে যান। গোয়াকে চিনবেন এক নতুন রূপে।