‘জোড়া ফুল-দিদির ছবি কই?’-বারান্দার ছবি দিতেই জুটল ‘খোঁচা!’ কি জবাব দিলেন ইমন?

সোশ্যাল মিডিয়ায় তিনি যেমন সক্রিয়, তেমনই সপ্রতিভ। জাতীয় পুরস্কার জয়ী গায়িকা ইমন চক্রবর্তী নিজের পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত মুহূর্তগুলোও ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। কিন্তু গায়িকার সেই ব্যক্তিগত পোস্টেও এখন পিছু ছাড়ছে না রাজনৈতিক বিতর্ক। সম্প্রতি নিজের সাজানো বারান্দার ছবি পোস্ট করে কুরুচিকর ট্রোলিংয়ের মুখে পড়লেন শিল্পী। তবে চুপ থাকার পাত্রী নন ইমনও, মোক্ষম জবাবে ঠান্ডা করে দিলেন ট্রোলারদের।

বারান্দার ছবি ঘিরে বির্তক: ইমন তাঁর ফেসবুক পেজে নিজের বাড়ির সুন্দর একফালি বারান্দার ছবি পোস্ট করেছিলেন। নিয়ন আলো আর গোলাপি ফুলের গাছে সাজানো সেই বারান্দাটি সত্যিই দেখবার মতো। কিন্তু ছবির সৌন্দর্য ছাপিয়ে নেটিজেনদের একাংশ সেখানে খুঁজে পেলেন রাজনীতির গন্ধ। ইমনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্যা ও তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে চিহ্নিত করে একের পর এক আক্রমণ শুরু হয়।

চরম কটাক্ষ ও ইমনের মোক্ষম চাল: এক নেটিজেন বিদ্রুপ করে লেখেন, “তৃণমূলের দালালি করেই তো এই সুখ! দিদির আঁচলের তলায় থাকলে বারান্দাও স্বর্গ হয়ে যায়, তাই না?” এখানেই শেষ নয়, অন্য একজন প্রশ্ন তোলেন, “বারান্দায় জোড়া ফুল, ফ্ল্যাগ আর দিদির ছবি কই?” বসে থাকেননি ইমন। পাল্টা জবাবে তিনি লেখেন, “একদম, ওটা বেডরুমে আছে!” গায়িকার এই বুদ্ধিমত্তাসম্পন্ন জবাবে কার্যত মুখ বন্ধ হয়ে যায় সমালোচকদের।

ট্রোলিং বনাম ইমনের সফর: ছাত্রজীবনে এসএফআই (SFI) করা ইমন সময়ের সঙ্গে সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। সরকারি অনুষ্ঠানে নিয়মিত উপস্থিতি এবং বঙ্গবিভূষণ সম্মান পাওয়ার পর থেকেই তাঁকে ‘চটিচাটা’ বা ‘তৃণমূলের দালাল’ বলে আক্রমণ করা শুরু হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে তিনি সোশ্যাল মিডিয়া ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে তিনি আবারও স্বমহিমায় ফিরে আসেন ভার্চুয়াল দুনিয়ায়।

ছাব্বিশের ভোটের জল্পনা: ২৬-এর বিধানসভা নির্বাচনে ইমনের প্রার্থী হওয়া নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। যদিও শেষ পর্যন্ত তাঁকে টিকিট দেওয়া হয়নি। তবে টিকিট না পেলেও দিদির প্রতি তাঁর আনুগত্য যে বিন্দুমাত্র কমেনি, তা ইমনের সাম্প্রতিক জবাব থেকেই স্পষ্ট।

ট্রোলিং সামলে ইমন এখন ব্যস্ত তাঁর গান আর স্টেজ শো নিয়ে। কিন্তু বারান্দার এই বিতর্ক প্রমাণ করে দিল, গ্ল্যামার আর রাজনীতি আজ ওতপ্রোতভাবে জড়িয়ে।