‘গুণ্ডাদের কি জড়িয়ে ধরব?’ মমতার পাল্টায় আরও আক্রমণাত্মক শাহ, ভোটের আগে তুঙ্গে পারদ

বাংলার ভোট ময়দানে এবার ‘উল্টো ঝোলানো’ ইস্যুতে কার্যত মুখোমুখি সংঘাতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একদিকে যখন মুখ্যমন্ত্রী এই মন্তব্যকে ‘হিংসাত্মক’ বলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিচ্ছেন, তখন নিজের অবস্থানে অনড় থেকে আক্রমণের ধার আরও বাড়ালেন শাহ।
শনিবার হাওড়ার শ্যামপুরের সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সাফ জানান, “গুণ্ডাদের উল্টো ঝোলাব না তো কী করব? বুক জড়িয়ে ধরব?” তাঁর এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে।
শাহের চরম হুঁশিয়ারি: ‘২৯ তারিখ বেরোবেন না’
শ্যামপুরের সভা থেকে তৃণমূলের কড়া সমালোচনা করে অমিত শাহ বলেন, “আমি আজও দিদির গুণ্ডাদের সাবধান করছি, ২৯ এপ্রিল বাড়ি থেকে বেরোবেন না। সেদিন বেরোলে ৪ মে আপনাদের উল্টো ঝুলিয়ে সিধে করে দেওয়া হবে।” তিনি আরও যোগ করেন, “আমি গুণ্ডাদের নিয়ে কিছু বললে মমতাজি রুষ্ট হন। তিনি প্রশ্ন তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন এমন বলছেন। আমি বলি, তাহলে কি তাঁদের আলিঙ্গন করব?”
উল্লেখ্য, এর আগে মধ্যমগ্রামের রোড শো থেকেও একই সুরে হুঁশিয়ারি দিয়েছিলেন শাহ। প্রথম দফার ভোট শান্তিপূর্ণ হয়েছে দাবি করে তিনি বলেছিলেন, দ্বিতীয় দফাতেও অশান্তি করলে পরিণাম হবে ‘উল্টো ঝুলিয়ে সোজা’ করে দেওয়া।
পাল্টা সরব মমতা: ‘আইনজীবীরা কেস করুন’
অমিত শাহের এই কড়া বার্তার পাল্টা জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। হুগলির উত্তরপাড়ায় শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আয়োজিত সভা থেকে তিনি বলেন, “আমরা চেয়ারকে সম্মান করি। কিন্তু একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে আপনি কীভাবে ঝুলিয়ে দেওয়ার কথা বলেন? এটা সরাসরি হিংসার উসকানি।”
মমতা আরও জানান, এই মন্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা না নিলেও তিনি আইনজীবীদের মামলা করার পরামর্শ দিচ্ছেন। তাঁর কথায়, “আইন সবার জন্য সমান। ঘরে ঘরে তো তৃণমূলের লোক, আপনি কতজনকে পেটাবেন? আপনি যত এমন কথা বলবেন, আমাদের ভোট তত বাড়বে।”
ভোটের মুখে ‘গুণ্ডা’ আর ‘উল্টো ঝোলানো’ নিয়ে দুই হেভিওয়েটের এই কথার লড়াইয়ে আপাতত সরগরম বাংলার রাজনৈতিক মহল।