ডায়মন্ড হারবারে তোলপাড়! পুলিশ পর্যবেক্ষকের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের, ২৪ ঘণ্টার ডেডলাইন কমিশনকে

ভোটের মুখে ডায়মন্ড হারবারে চরম নাটকীয়তা! পুলিশ পর্যবেক্ষক পিএস পুরুষোত্তম দাসের নিরপেক্ষতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল কলকাতা হাইকোর্ট। তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলায় শুক্রবার বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশ দিয়েছেন, ওই পর্যবেক্ষকের বিরুদ্ধে অবিলম্বে যুক্তিযুক্ত পদক্ষেপ নিতে হবে নির্বাচন কমিশনকে। শুধু তাই নয়, কী ব্যবস্থা নেওয়া হলো, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে তৃণমূলকে লিখিতভাবে জানাতে হবে।

কী ঘটেছিল ডায়মন্ড হারবারে?

তৃণমূলের অভিযোগ, গত সোমবার গভীর রাতে ডায়মন্ড হারবারের একটি সরকারি লজে পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে গোপন বৈঠক করেন বিজেপি প্রার্থী দীপক হালদার ও কয়েকজন বিজেপি নেতা। তৃণমূল প্রার্থী পান্নালাল হালদার সেই বৈঠকের ভিডিও প্রমাণ হাতে পাওয়ার দাবি তুলে সাংবাদিক সম্মেলন করেন। তাঁদের অভিযোগ, কমিশনের পর্যবেক্ষক নিরপেক্ষতা হারিয়ে বিরোধী দলের সঙ্গে আঁতাত করছেন।

আদালতে দু’পক্ষের লড়াই:

  • তৃণমূলের দাবি: গত ২১ এপ্রিল কমিশনকে অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ করা হয়নি। তাই বাধ্য হয়ে জরুরি ভিত্তিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

  • কমিশনের সাফাই: কমিশনের আইনজীবীর দাবি, কোনো গোপনীয়তা রক্ষা করা হয়নি। লজের সিসিটিভি চালু ছিল এবং এলাকার সমস্যা বুঝতে পর্যবেক্ষক প্রার্থীদের সঙ্গে কথা বলতেই পারেন। অসাধু উদ্দেশ্য থাকলে সিসিটিভি বন্ধ রাখা হতো।

হাইকোর্টের কড়া নির্দেশ:

সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি কৃষ্ণা রাও পর্যবেক্ষকের ভূমিকা নিয়ে কমিশনের যুক্তি পুরোপুরি মেনে নেননি। তিনি নির্দেশ দেন, তৃণমূলের অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশনকে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার জবাব লিখিত আকারে আদালতে ও সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে জমা দিতে হবে।

ডায়মন্ড হারবার, ফলতা, মগরাহাট পূর্ব ও পশ্চিম কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা এই পর্যবেক্ষকের বিরুদ্ধে এই আইনি নির্দেশ ভোটের মুখে শাসক শিবিরের বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এখন দেখার, আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যে নির্বাচন কমিশন কী পদক্ষেপ গ্রহণ করে।