সাবধান! SBI গ্রাহকদের কাছে আসছে এই বিশেষ মেসেজ? ভুলেও ক্লিক করলে মুহূর্তে উধাও হবে সব টাকা!

ডিজিটাল ইন্ডিয়ার যুগে আমাদের জীবন যতটা সহজ হয়েছে, ঠিক ততটাই বেড়েছে সাইবার প্রতারণার ঝুঁকি। এবার সরাসরি দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) নাম ভাঙিয়ে শুরু হয়েছে এক নতুন জালিয়াতি। আধার কার্ড বা কেওয়াইসি (KYC) আপডেটের অছিলায় গ্রাহকদের অ্যাকাউন্ট মুহূর্তের মধ্যে সাফ করে দিচ্ছে প্রতারকরা। পরিস্থিতি বেগতিক দেখে এবার গ্রাহকদের জন্য কড়া সতর্কবার্তা জারি করল এসবিআই।

কীভাবে পাতা হচ্ছে প্রতারণার ফাঁদ? প্রতারকরা প্রথমে গ্রাহকদের মোবাইলে একটি মেসেজ পাঠাচ্ছে। সেখানে দাবি করা হচ্ছে যে, আপনার আধার কার্ড আপডেট করা নেই, তাই নিরাপত্তার খাতিরে আপনার YONO SBI অ্যাপটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে।

এরপরই অ্যাপটি পুনরায় চালু করার জন্য একটি লিঙ্ক পাঠিয়ে অবিলম্বে কেওয়াইসি আপডেট করতে বলা হচ্ছে। ওই লিঙ্কে ক্লিক করলেই একটি এপিকে (APK) ফাইল ডাউনলোড হয়, যার মাধ্যমে প্রতারকরা আপনার ফোনের সমস্ত লগইন ডিটেইলস, ব্যাঙ্কের তথ্য এবং মোবাইল নম্বর কবজা করে নিচ্ছে। ব্যাস! নিমেষেই আপনার কষ্টার্জিত টাকা চলে যাচ্ছে জালিয়াতদের পকেটে।

নিজেকে সুরক্ষিত রাখবেন কীভাবে? এসবিআই-এর তরফে গ্রাহকদের কয়েকটি বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে:

  • সন্দেহজনক লিঙ্কে ক্লিক নয়: যে কোনও মেসেজে আসা অজানা লিঙ্কে ভুলেও ক্লিক করবেন না।

  • ব্যাঙ্কিং তথ্য গোপন রাখুন: আপনার ওটিপি (OTP), পিন বা ব্যাঙ্কের গোপন তথ্য কখনও কারও সাথে শেয়ার করবেন না।

  • অফিসিয়াল অ্যাপের ওপর ভরসা: কোনও মেসেজের মাধ্যমে অ্যাপ আপডেট না করে সরাসরি গুগল প্লে-স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে অফিসিয়াল অ্যাপ ব্যবহার করুন।

  • সরাসরি ব্যাঙ্কে যোগাযোগ: কেওয়াইসি সংক্রান্ত কোনও সমস্যা মনে হলে সরাসরি ব্যাঙ্কের ব্রাঞ্চে যান অথবা অফিসিয়াল ওয়েবসাইটের সাহায্য নিন।

মনে রাখবেন, কোনো ব্যাঙ্কই মেসেজ পাঠিয়ে আপনার গোপন তথ্য জানতে চায় না। তাই কোনো মেসেজ পাওয়ার পর তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে আগে যাচাই করুন। আপনার সামান্য অসতর্কতাই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দেওয়ার জন্য যথেষ্ট।