পদ্ম শিবিরে এবার ‘টার্বুনেটর’! রাঘবের সঙ্গে বিজেপিতে যাচ্ছেন হরভজন সিং? তোলপাড় করা দাবি চাড্ডার

ভারতের রাজনীতিতে যেন ওলটপালট হয়ে গেল এক সন্ধ্যায়! আম আদমি পার্টিতে (AAP) আর শুধু ফাটল নয়, এবার আস্ত ধস নামল। শুক্রবার সদ্য প্রাক্তন আপ নেতা রাঘব চাড্ডা এক বিস্ফোরক দাবি করে জানিয়েছেন, তিনি একা নন, তাঁর সঙ্গে ভারতীয় জনতা পার্টিতে (BJP) যোগ দিচ্ছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা স্পিনার হরভজন সিং-ও

তালিকায় আর কারা?

রাঘব চাড্ডার দাবি অনুযায়ী, রাজ্যসভায় আপ-এর শক্তি কার্যত শূন্য হতে চলেছে। তাঁর সঙ্গে বিজেপিতে নাম লেখাতে চলেছেন মোট ৬ জন সাংসদ:

  • হরভজন সিং (টার্বুনেটর)

  • সন্দীপ পাঠক

  • অশোক মিত্তাল (যাঁকে মাত্র ১৫ দিন আগে রাঘবের পদে বসিয়েছিল আপ)

  • স্বাতী মালিওয়াল

  • বিক্রম সাহানি

  • রাজেন্দর গুপ্তা

“সঠিক লোক, ভুল দল!”

বিজেপিতে যোগ দেওয়ার আগে এক আবেগঘন সাংবাদিক সম্মেলনে রাঘব বলেন, “গত ১৫ বছর ধরে নিজের রক্ত-ঘাম দিয়ে এই দলটা তৈরি করেছিলাম। কিন্তু আজ আপ নিজের মূল আদর্শ থেকে বিচ্যুত। দেশ নয়, নিজের স্বার্থসিদ্ধিই এখন এই দলের লক্ষ্য। আমি অনুভব করলাম, সঠিক লোক হয়েও আমি এতকাল ভুল দলে ছিলাম।”

সিঙ্গারা-চায়ের লড়াই!

রাঘবের দলত্যাগের পর পাল্টা তোপ দেগেছে আপ নেতৃত্ব। দলের মুখপাত্রের কটাক্ষ, “রাঘব প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মুখ খুলতে ভয় পান। সংসদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় দেশের সমস্যা নিয়ে না বলে তিনি চা-সিঙ্গারা নিয়ে আলোচনা করে সময় নষ্ট করেন।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দেওয়াতেই আদতে এই সংঘাতের সূত্রপাত।

কেন এই ধস?

বিশ্লেষকরা বলছেন, অরবিন্দ কেজরিওয়ালের অতি-কেন্দ্রিক ক্ষমতা এবং রাঘব চাড্ডার মতো তরুণ তুর্কিদের ডানা ছাঁটাইয়ের ফল ভুগতে হচ্ছে দলকে। অন্যদিকে, পঞ্জাবের ‘আইকন’ হরভজন সিং-এর বিজেপি যাত্রা রাজ্যটির রাজনীতিতে এক বিশাল মোড় ঘোরাতে পারে।