চাকরিপ্রার্থীদের পোয়াবারো! ২০,০০০ নতুন কর্মী নেবে Infosys, এআই-এর যুগেও কেন এই সিদ্ধান্ত?

বর্তমানে বিশ্বজুড়ে যখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর দাপটে বড় বড় সংস্থাগুলি কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে, ঠিক তখনই ভারতের অন্যতম বড় তথ্য-প্রযুক্তি সংস্থা ইনফোসিস (Infosys) শোনাল সুখবর। চলতি বছরেই প্রায় ২০ হাজার নতুন কর্মী বা ‘ফ্রেশার’ নিয়োগের লক্ষ্যমাত্রা নিয়েছে এই টেক জায়ান্ট।

কেন এই বিপুল নিয়োগের সিদ্ধান্ত?

ইনফোসিস সূত্রের খবর, গত মার্চ ত্রৈমাসিকে সংস্থার প্রায় ৮ হাজার কর্মী কমেছে। পাশাপাশি বেড়েছে ‘অ্যাট্রিশন রেট’ বা কর্মী ইস্তফার হার। গত ডিসেম্বর ত্রৈমাসিকে এই হার ছিল ১২.৩ শতাংশ, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ১২.৬ শতাংশে। এই শূন্যস্থান পূরণ করতেই মূলত সদ্য গ্র্যাজুয়েটদের বা ফ্রেশারদের নিয়োগ করার পথে হাঁটছে দেশের দ্বিতীয় বৃহত্তম আইটি কোম্পানি।

নিয়োগের মাপকাঠি ও যোগ্যতা

ইনফোসিস সাধারণত ক্যাম্পাসিং এবং অফ-ক্যাম্পাস ইন্টারভিউয়ের মাধ্যমে মেধাবী তরুণদের বেছে নেয়। যারা সদ্য গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, তাদের জন্যই এই নিয়োগের দরজা সবচেয়ে বেশি উন্মুক্ত থাকবে।

এক নজরে ইনফোসিসের আর্থিক সাফল্য:

  • নিট লাভ: ৮,৫০১ কোটি টাকা।

  • রাজস্ব বৃদ্ধি: ১৩.৪ শতাংশ বেড়ে হয়েছে ৪৬,৪০২ কোটি টাকা।

  • ডিভিডেন্ড: প্রতি শেয়ারে ২৫ টাকা করে লভ্যাংশ ঘোষণা।

এআই-এর যুগে বড় স্বস্তি

টেক দুনিয়ায় বর্তমানে সবথেকে বড় আতঙ্ক হলো এআই-এর কারণে কাজ হারানো। সেই আবহে ইনফোসিসের এই সিদ্ধান্ত চাকরিপ্রার্থীদের মনে নতুন করে অক্সিজেন জোগাচ্ছে। কিছুদিন আগেই টিসিএস (TCS) ফ্রেশার নিয়োগের কথা জানিয়েছিল, এবার ইনফোসিসও সেই পথেই হাঁটল।

কবে শুরু হবে নিয়োগ? যদিও নির্দিষ্ট তারিখ নিয়ে এখনো চূড়ান্ত কোনো ঘোষণা করা হয়নি, তবে সূত্রের খবর, আগামী কয়েক মাসের মধ্যেই ক্যাম্পাসিং প্রক্রিয়া এবং অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ শুরু হবে।