জলাতঙ্কের ভয়াবহ রূপ! ৬ মাস পর বানরের মতো আওয়াজ ও আচরণ যুবকের, গাজিয়াবাদে চরম আতঙ্ক

উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এক চাঞ্চল্যকর ও হাড়হিম করা ঘটনা সামনে এসেছে। একটি বানরের কামড় খাওয়ার প্রায় ছয় মাস পর এক যুবকের শরীরে দেখা দিল জলাতঙ্কের (Rabies) মারাত্মক লক্ষণ। সাধারণ মানুষের মতো নয়, বরং ওই যুবক এখন অবিকল বানরের মতো আচরণ করছেন— যা দেখে হতবাক খোদ চিকিৎসকরাও।
কী ঘটেছিল সেই দিন?
দিনাগড়ীর বাসিন্দা ২৮ বছর বয়সী ওই যুবক প্রায় ছয় মাস আগে একটি বানরের কামড় খেয়েছিলেন। সেই সময় বিষয়টিকে গুরুত্ব দেননি তিনি। এমনকি নেননি কোনো জীবনদায়ী জলাতঙ্ক নিরোধক টিকা (Anti-Rabies Vaccine)। সময়মতো চিকিৎসা না করার সেই চরম মাশুল এখন দিতে হচ্ছে তাঁকে।
চিকিৎসকদের চক্ষু চড়কগাছ
সম্প্রতি ওই যুবকের আচরণের দ্রুত পরিবর্তন হতে শুরু করে। হাসপাতালের জরুরি চিকিৎসা কর্মকর্তা ডা. খুশবু সিং জানান, যুবকটি সম্পূর্ণ অস্বাভাবিক আচরণ করছেন। তিনি বলেন:
যুবকটি বানরের মতো শরীর চুলকাচ্ছেন।
কাপ থেকে নয়, বরং হাতের তালুতে চা ও জল নিয়ে পান করছেন।
সবচেয়ে ভীতিজনক বিষয় হলো, তিনি মাঝে মাঝেই বানরের মতো আওয়াজ করছেন।
পরিবারের সদস্যরা যখন জানান যে কামড়ানোর পর কোনো টিকাই নেওয়া হয়নি, চিকিৎসকরা নিশ্চিত হন এটি জলাতঙ্কেরই চরম বহিঃপ্রকাশ। বর্তমানে তাঁকে উন্নত চিকিৎসার জন্য দিল্লির জিটিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
পুরো পরিবারকে দেওয়া হলো টিকা
সংক্রমণের ঝুঁকি এড়াতে ওই যুবকের সংস্পর্শে আসা তাঁর বৃদ্ধ বাবা, ভাই, স্ত্রী এবং এক বছরের শিশুসন্তানকেও জরুরি ভিত্তিতে জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। বর্তমানে যুবকটির অবস্থা স্থিতিশীল হলেও তিনি কড়া পর্যবেক্ষণে রয়েছেন।
বিশেষজ্ঞের সতর্কবার্তা
নোডাল অফিসার ডঃ আর কে গুপ্তা সাধারণ মানুষের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন। তিনি জানান, “জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ। পশু কামড়ানোর সঙ্গে সঙ্গে টিকা না নিলে পরবর্তীতে আর কিছুই করার থাকে না।” কুকুর, বিড়াল বা বানর— যে কোনো পশুই কামড়াক না কেন, অবিলম্বে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে প্রতিষেধক নেওয়ার পরামর্শ দিচ্ছেন তিনি।