“১৫২-র মধ্যে ১১০টির বেশি আসন পাবে বিজেপি”-প্রথম দফার ভোট শেষে বড় ভবিষ্যদ্বাণী শাহের

বাংলার প্রথম দফার ভোটে ৯০ শতাংশের বেশি রেকর্ড ভোটদান হতেই উল্লাসের সুর গেরুয়া শিবিরে। আর সেই রেশ টেনেই শুক্রবার সকালে নিউটাউনের এক হোটেল থেকে সাংবাদিক বৈঠক করে বড় দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, প্রথম দফার যে ট্রেন্ড তিনি দেখেছেন, তাতে বিজেপি ইতিমধ্যেই জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে।

‘সারারাত হিসেব কষেছি’: শাহী দাবি

ভোট মিটতেই কি তবে বাংলার রাজনৈতিক মানচিত্র বদলে যাচ্ছে? অমিত শাহের কথা অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে। তিনি বলেন, “সারা রাত ধরে প্রথম দফার ভোটের চুলচেরা বিশ্লেষণ করেছি। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, প্রথম দফার ১৫২টি আসনের মধ্যে ১১০টিরও বেশি আসনে বিজেপি জিততে চলেছে। বাংলায় এবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপিই সরকার গড়তে চলেছে।” মুখ্যমন্ত্রীর নাম না করে তিনি সাফ জানিয়ে দেন, রাজ্যে ‘দিদি’র বিদায় এখন সময়ের অপেক্ষা মাত্র।

বাহিনীর প্রশংসা ও ভোটারদের ধন্যবাদ

প্রথম দফার ভোটে রক্তপাতহীন নির্বাচনের জন্য পুলিশ, প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তার ভূয়সী প্রশংসা করেছেন শাহ। তিনি মনে করেন, মানুষ নির্ভয়ে বুথে আসতে পেরেছেন বলেই এই রেকর্ড ভোটিং সম্ভব হয়েছে। সেই সঙ্গে বাংলার ভোটারদের কৃতজ্ঞতা জানিয়ে তাঁর পরামর্শ— দ্বিতীয় দফাতেও যেন মানুষ একইভাবে বিজেপিতে আস্থা রেখে সরকার গঠনে সাহায্য করেন।

বিজেপির ‘ব্লু-প্রিন্ট’ তৈরি

জেতার পর বিজেপি সরকার বাংলার জন্য কী কী করবে, সেই পুরনো প্রতিশ্রুতির কথা এদিন আরও একবার মনে করিয়ে দিয়েছেন তিনি। অনুপ্রবেশ বন্ধ করা থেকে শুরু করে রাজ্যের আর্থিক সংস্কার— শাহী বার্তায় আগাম জয়ের আত্মবিশ্বাসই ফুটে উঠেছে। এখন দেখার, শাহের এই ১১০-এর হিসাব আগামী দিনে বাস্তবের মুখ দেখে কি না।