PF-এর টাকা এবার তুলুন UPI দিয়েই, জেনেনিন পুরো প্রক্রিয়া সম্পর্কে

বেসরকারি সংস্থায় কর্মরত কোটি কোটি কর্মচারীদের জন্য দারুণ সুখবর! পিএফ-এর টাকা তুলতে গিয়ে আর দিনের পর দিন অপেক্ষা করতে হবে না, বারবার রিজেক্ট হবে না আবেদন। এবার সরাসরি আপনার UPI আইডির মাধ্যমেই ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে প্রভিডেন্ট ফান্ডের টাকা। মে মাসের শেষ সপ্তাহ থেকেই এই পরিষেবা চালু করতে চলেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)।
আসছে CITES 2.0: মুহূর্তেই টাকা ট্রান্সফার
ইপিএফও-র নতুন ডিজিটাল সিস্টেম CITES 2.0-এর কাজ প্রায় শেষের পথে। এই উন্নত প্রযুক্তির সাহায্যে এখন থেকে ইউএএন (UAN) লগইন এবং ওটিপি (OTP) ভেরিফিকেশন করলেই সরাসরি ইউপিআই ব্যবহার করে টাকা তোলা যাবে। এর ফলে দীর্ঘদিনের কাগজপত্রের ঝামেলা এবং ফর্ম জমা দেওয়ার ভোগান্তি পুরোপুরি দূর হতে চলেছে।
পুরো টাকা কি তোলা যাবে? জেনে নিন নতুন শর্ত
টাকা তোলার প্রক্রিয়া সহজ হলেও, নিয়মে কিছু পরিবর্তন এনেছে সরকার।
-
৭৫% সীমা: কর্মচারীরা চাইলেই পুরো টাকা একবারে তুলতে পারবেন না। মোট জমার সর্বোচ্চ ৭৫% পর্যন্ত টাকা তোলা যাবে।
-
ভবিষ্যতের সঞ্চয়: বাকি ২৫% টাকা বাধ্যতামূলকভাবে পিএফ অ্যাকাউন্টে রাখতে হবে, যাতে অবসর জীবনের জন্য কিছুটা সঞ্চয় অবশিষ্ট থাকে।
কীভাবে কাজ করবে এই নতুন ব্যবস্থা?
১. প্রথমে EPFO পোর্টাল বা অ্যাপে লগইন করতে হবে। ২. সেখানে মোট ব্যালেন্স এবং আপনি কত টাকা তুলতে পারবেন তার হিসাব দেখাবে। ৩. এরপর আপনার UPI ID দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। ৪. ভেরিফিকেশন সফল হলেই মুহূর্তের মধ্যে টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে।
আসছে আরও বড় ৩টি স্কিম
শুধু ইউপিআই নয়, ২০২৬ সালকে সামনে রেখে সরকার আরও তিনটি বড় প্রকল্প আনার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে রয়েছে EPF Scheme 2026, EPS 2026 (পেনশন) এবং EDLI Scheme 2026 (বিমা)। এই প্রকল্পগুলো কার্যকর হলে কর্মচারীদের সামাজিক সুরক্ষা আরও মজবুত হবে।