শনিবার মেগা ডুয়েলে মোদী-মমতা! একদিকে গঙ্গাবক্ষে নৌকাবিহার, অন্যদিকে হাওড়া ময়দানে হুঙ্কার মুখ্যমন্ত্রীর

১. ইভিএম বদলের অভিযোগে উত্তাল হলদিবাড়ি: মাঝরাতে ধুন্ধুমার
ভোট শেষ হওয়ার পর গভীর রাতে প্রবল উত্তেজনা ছড়াল সীমান্ত শহর হলদিবাড়িতে। অভিযোগ উঠেছে ইভিএম বদলের। হলদিবাড়ি শহরের ৬ নম্বর ওয়ার্ডের বালাডাঙা জুনিয়র বেসিক স্কুলে (১৪০ ও ১৪১ নম্বর বুথ) ভোট শেষ হওয়ার পর সেক্টর অফিসারের গাড়িতে একটি অতিরিক্ত ইভিএম দেখতে পান বিজেপি কর্মীরা। ইভিএম মেশিন বদলে দেওয়ার আশঙ্কায় গাড়িটি আটকে বিক্ষোভ শুরু করেন তাঁরা। রাতভর চলে চরম উত্তেজনা।

২. লাভপুরে বিজেপি প্রার্থীকে মারধর: পুলিশের জালে ৪
লাভপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ওঝাকে মারধরের ঘটনায় বড় পদক্ষেপ নিল প্রশাসন। কীর্ণাহার থানার পুলিশ এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ৪ জনকে গ্রেফতার করেছে। ধৃতরা হলো: বকুল শা, জনি শেখ, বকুল শেখ এবং কাজী জিয়ারুল ইসলাম। এই গ্রেফতারির জেরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে বীরভূমে।

৩. চা বাগান থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার
ভোটের পরেই রহস্যজনক মৃত্যু! আলিপুরদুয়ার জেলার ভরনাবাড়ি চা বাগানের ৫ নম্বর সেকশন থেকে তারশিলা লোহার (৬০) নামে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

হেভিওয়েটদের প্রচার কর্মসূচি: আজ কে কোথায়?
প্রথম দফা শেষ হতেই দ্বিতীয় দফার প্রচারে তুঙ্গে লড়াই। আজ শুক্রবার বঙ্গজুড়ে হেভিওয়েটদের কর্মসূচি:

নরেন্দ্র মোদী: আজ জোড়া সভা করবেন প্রধানমন্ত্রী। পানিহাটি ও বারুইপুরে জনসভা করবেন তিনি। উল্লেখ্য, প্রচারের আগে সকালে গঙ্গাবক্ষে নৌকাবিহার করতে দেখা গেছে তাঁকে।

অমিত শাহ: বসিরহাটের হিঙ্গলগঞ্জ ও শ্রীরামপুরে জোড়া সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর ব্যারাকপুরে একটি বর্ণাঢ্য রোড শো করার কথা রয়েছে তাঁর।

মমতা বন্দ্যোপাধ্যায়: পাল্টা লড়াইয়ে আজ হাওড়া ময়দানে বড় নির্বাচনী সভা করবেন তৃণমূল নেত্রী। এছাড়াও নিজের কেন্দ্র ভবানীপুরে সাধারণ মানুষের সাথে জনসংযোগ সারবেন তিনি।