দশম, দ্বাদশ পাশেই কেন্দ্রীয় সংস্থায় ৩০০০ পদে নিয়োগ, জেনেনিন আবেদন প্রক্রিয়া

সরকারি চাকরির স্বপ্ন দেখছেন? তবে আপনার জন্য বসন্তের শেষে বড়সড় খুশির খবর নিয়ে এল স্টাফ সিলেকশন কমিশন (SSC)। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে ৩ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগের ঢালাও ঘোষণা করেছে এই সংস্থা। ‘সিলেকশন পোস্ট-১৪’ পরীক্ষার মাধ্যমে মোট ৩০০৩টি শূন্যপদে নিয়োগ করা হবে। মাল্টি টাস্কিং স্টাফ (MTS) থেকে শুরু করে টেকনিক্যাল অফিসার— পদের তালিকায় রয়েছে বৈচিত্র্যের সম্ভার।
যোগ্যতা অনুযায়ী পদের বিন্যাস: শিক্ষাগত যোগ্যতা যাই হোক না কেন, এসএসসির এই ঝুলিতে সবার জন্যই কিছু না কিছু রয়েছে:
-
মাধ্যমিক উত্তীর্ণ: ফিল্ড অ্যাটেনডেন্ট বা ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট।
-
উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ: ডাটা এন্ট্রি অপারেটর বা লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC)।
-
স্নাতক উত্তীর্ণ: রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা সাব-ইন্সপেক্টর।
বয়স ও বেতন কাঠামো:
-
বয়স: পদভেদে ১৮ থেকে ২৫ বছর। তবে বিশেষ কিছু পদের জন্য ৪২ বছর পর্যন্ত আবেদন জানানো যাবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
-
বেতন: সপ্তম বেতন কমিশন অনুযায়ী নিয়োগ হবে। পদমর্যাদা অনুযায়ী বেতন কাঠামো শুরু হচ্ছে ১৮,০০০ টাকা থেকে ৪৪,৯০০ টাকার মধ্যে।
নিয়োগ পদ্ধতি: পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা (CBT) নেওয়া হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে নথিপত্র যাচাই এবং পদের প্রয়োজনীয়তা অনুযায়ী ইন্টারভিউ বা স্কিল টেস্টের মাধ্যমে চূড়ান্ত নিয়োগ করা হবে।
আবেদনের শেষ সময়: অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ১৩ এপ্রিল থেকে। আবেদনের শেষ তারিখ ৪ মে, ২০২৬। শেষ মুহূর্তের সার্ভার জট এড়াতে যোগ্য প্রার্থীদের দ্রুত এসএসসির অফিসিয়াল পোর্টালে গিয়ে ফর্ম জমা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।