“SPG দিয়ে ঝালমুড়ি বানিয়ে নাটক, পকেটে কি ১০ টাকা থাকে?” মোদিকে ধুয়ে দিলেন মমতা!

ঝাড়গ্রামের রাস্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঝালমুড়ি খাওয়ার ‘ভাইরাল’ ভিডিও এখন রাজ্য রাজনীতির হট টপিক। কিন্তু সেই ঝালমুড়িকেও ‘সাজানো নাটক’ বলে সরাসরি তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বীরভূমের মুরারইয়ের জনসভা থেকে মোদিকে আক্রমণ করে তিনি দাবি করেন, গোটা দৃশ্যটিই আসলে ক্যামেরার সামনে অভিনয়।

“সবটাই সাজানো, পকেটে কি ১০ টাকা থাকে?”

রবিবার ঝাড়গ্রামের কলেজ মোড়ে বিক্রম কুমার সাউয়ের দোকান থেকে ঝালমুড়ি কিনে খেয়েছিলেন মোদি। সেই প্রসঙ্গে মমতার কটাক্ষ:

“এসপিজি-কে দিয়ে ঝালমুড়ি তৈরি করিয়ে রেখেছে। দোকানের ভেতরে ক্যামেরা ফিট করা আছে। প্রধানমন্ত্রীর পকেটে ১০ টাকার নোট থাকে? সব নাটক! কখনও গুহায় চলে যান, কখনও বলেন আমি চা-ওয়ালা।”

ইভিএম লুট ও গণনায় কারচুপির আশঙ্কা

এদিন শুধু মোদির ঝালমুড়ি নয়, ইভিএম নিয়েও বিস্ফোরক দাবি করেছেন মমতা। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীকে ইভিএম লুটের দায়িত্ব দেওয়া হয়েছে। কর্মীদের সতর্ক করে তিনি বলেন, “গণনার সময় নজর রাখবেন। কেউ ১০০ ভোট পেলে ওরা কম্পিউটারে ৫ তুলে দিতে পারে। যতক্ষণ কম্পিউটারে ভোট না উঠবে, কেউ হাল ছাড়বেন না।”

“লিস্ট আছে, খুঁজে বের করে নাড়ু খাওয়াব!”

যে সব আধিকারিক বা ব্যক্তি আড়ালে থেকে বিজেপির হয়ে কাজ করছেন, তাঁদের উদ্দেশ্যে মমতার হুঁশিয়ারি রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তিনি বলেন, “যাঁরা বিজেপির হয়ে কাজ করছ, আগামী দিনে যেখানেই থাকো, খুঁজে বের করব আর নারকেলের নাড়ু খাওয়াব।” রাজনৈতিক মহলের মতে, এই ‘নাড়ু খাওয়ানো’ আসলে ভোটের পর কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারই প্রচ্ছন্ন ইঙ্গিত।

এক নজরে মমতার অভিযোগের মূল পয়েন্ট:

  • গ্রেফতারির ছক: তৃণমূল নেতাদের গ্রেফতার করার ‘লিস্ট’ বিজেপির কাছে আছে বলে দাবি তাঁর।

  • বিজেপি নেতাকে আক্রমণ: নাম না করে বীরভূমের এক বিজেপি নেতাকে ‘কয়লা চোর’ ও ‘দুরাচারী’ বলে কটাক্ষ।

  • দিল্লি দখলের ডাক: বাংলা থেকে জিতেই দিল্লি জয়ের লক্ষ্যে অবিচল নেত্রী।

প্রথম দফার ভোটের আগে মমতার এই ঝাঁঝালো ভাষণ রাজ্য রাজনীতিতে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিল। ঝালমুড়ি বনাম নারকেল নাড়ুর এই লড়াই এখন ফেসবুক-হোয়াটসঅ্যাপে তুঙ্গে!