মমতার দুর্গে বিজেপির ‘দশ কন্যে’! পানিহাটিতে অভয়ার মা তো হিঙ্গলগঞ্জে রেখা পাত্র, কার পাল্লা ভারী?

২০২৬-এর বিধানসভা নির্বাচনে বাংলা দখলে মরিয়া বিজেপি এবার রণকৌশলে বড় বদল এনেছে। তৃণমূলের টানা ১৫ বছরের শাসনের বিরুদ্ধে ‘নারী শক্তি’কে ঢাল করে ময়দানে নেমেছে গেরুয়া শিবির। পানিহাটিতে আরজি কর আন্দোলনের মুখ থেকে শুরু করে রূপালি পর্দার চেনা মুখ— একঝাঁক হেভিওয়েট মহিলা প্রার্থীকে সামনে রেখে বাজিমাত করতে চাইছে বিজেপি। দেখে নিন বিজেপির সেই ১০ জন ‘স্টার’ মহিলা যোদ্ধা এবং তাঁদের জেতার সম্ভাবনা:

১. রত্না দেবনাথ (পানিহাটি): ন্যায়ের লড়াই বনাম ঘাসফুল

পানিহাটিতে বিজেপির বাজি আরজি করে নৃশংসতার শিকার ‘অভয়া’-র মা রত্না দেবনাথ। নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের মুখ রত্নার জয় নিয়ে আশাবাদী বিজেপি। তাঁর প্রধান প্রতিপক্ষ তৃণমূলের তীর্থঙ্কর ঘোষ ও সিপিএমের কলতান দাশগুপ্ত।

২. রূপা গঙ্গোপাধ্যায় (সোনারপুর দক্ষিণ): তারকার লড়াই

বিদায়ী বিধায়ক লাভলি মৈত্রর বিরুদ্ধে হেভিওয়েট তারকা রূপা গঙ্গোপাধ্যায়কে দাঁড় করিয়ে সোনারপুর দক্ষিণে বড় চমক দিয়েছে বিজেপি। প্রচারের ঝড়ে রূপা অনেককেই পিছনে ফেলে দিয়েছেন।

৩. রেখা পাত্র (হিঙ্গলগঞ্জ): সন্দেশখালির আওয়াজ

সন্দেশখালি আন্দোলনের সেই চেনা মুখ রেখা পাত্র এবার হিঙ্গলগঞ্জ থেকে লড়াই করছেন। লোকসভা ভোটে হারলেও বিধানসভায় মাটির লড়াইয়ে রেখা বড় ফ্যাক্টর হতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

৪. অগ্নিমিত্রা পাল (আসানসোল দক্ষিণ): খাসতালুক রক্ষা

গতবার সায়নী ঘোষকে হারিয়ে চমক দিয়েছিলেন অগ্নিমিত্রা। এবার তাঁর লড়াই তৃণমূলের তাপস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আসানসোলে অগ্নিমিত্রার ব্যক্তিগত জনপ্রিয়তা বিজেপির বড় সম্পদ।

৫. পাপিয়া অধিকারী (টালিগঞ্জ): মন্ত্রীর বিরুদ্ধে অভিনেত্রী

টালিগঞ্জে তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে লড়ছেন অভিনেত্রী পাপিয়া অধিকারী। জনসংযোগে সাড়া পাওয়ায় এখানে কড়া টক্করের সম্ভাবনা রয়েছে।

৬. শর্বরী মুখোপাধ্যায় (যাদবপুর): ত্রিমুখী লড়াই

যাদবপুরের মতো কঠিন কেন্দ্রে অভিনেত্রী শর্বরী মুখোপাধ্যায়কে প্রার্থী করেছে বিজেপি। তাঁর লড়াই তৃণমূলের দেবব্রত মজুমদার ও সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে।

৭. প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (এন্টালি): লড়াকু নেত্রী

পেশায় আইনজীবী প্রিয়াঙ্কা ফের এন্টালি থেকে লড়ছেন। তাঁর প্রতিপক্ষ স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন সাহা। আইনি লড়াইয়ের পরিচিত মুখ প্রিয়াঙ্কা এবার ভোটের ময়দানেও আত্মবিশ্বাসী।

৮. চন্দনা বাউড়ি (শালতোড়া): জঙ্গলমহলের ভূমিপুত্র

শালতোড়ার বিদায়ী বিধায়ক চন্দনা বাউড়ি জঙ্গলমহলে বিজেপির অন্যতম শক্তি। সাধারণ জীবনযাপন ও আদিবাসী ভোটব্যাঙ্কে তাঁর দখল বিজেপিকে এগিয়ে রাখছে।

৯. টুম্পা সর্দার (বারুইপুর পূর্ব): উচ্চশিক্ষিত যোদ্ধা

ইতিহাসে স্নাতকোত্তর টুম্পা সর্দার একজন পরিচিত সমাজসেবী। তৃণমূলের বিভাস সর্দারের বিরুদ্ধে টুম্পার স্বচ্ছ ভাবমূর্তি বড় হাতিয়ার হতে পারে।

১০. ড. শতরূপা (বালিগঞ্জ): বুদ্ধিজীবী মুখ

বালিগঞ্জের মতো অভিজাত এলাকায় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির বাজি ড. শতরূপা। প্রচারে তাঁর মার্জিত ভাষা ও ব্যক্তিত্ব ভোটারদের নজর কাড়ছে।