সুখবর! ২০২২ সাল এখনও শেষ হয়নি তার আগেই বিশ্বরেকর্ড ভারতের, জেনেনিন বিস্তারিত

২০২২ সাল এখনও শেষ হয়নি, তার আগেই প্রবাসী ভারতীয়রা নিজ দেশে ১০ হাজার কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। মাত্র ১১ মাসে কোনো দেশে এই পরিমাণ রেমিট্যান্স পাঠানোর ঘটনাকে ‘বিশ্বরেকর্ড’ বলে উল্লেখ করেছে বিশ্বব্যাংক।

শুক্রবার নিজেদের এক প্রতিবেদনে বিশ্বব্যাংকের পক্ষ থেকে এ সম্পর্কে বলা হয়, ‘এই প্রথম কোনো একটি দেশ বছর শেষ হওয়ার আগেই ১০ হাজার কোটি ডলার রেমিট্যান্স গ্রহণ করল।’

যুক্তরাষ্ট্র ও অন্যান্য উন্নত দেশের শ্রমবাজারে মজুরি বৃদ্ধি ও সতেজ ভাব থাকায় বিশ্বের বিভিন্ন দেশে চলতি বছর রেমিট্যান্স পাঠানোর হার বেড়েছে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের চেয়ে ২০২২ সালে বিশ্বজুড়ে রেমিট্যান্স পাঠানোর হার বৃদ্ধি পেয়েছে ৫ শতাংশ।

‘অনুন্নত ও মধ্যম আয়ের দেশগুলোর আয়ের খুবই গুরুত্বপূর্ণ উৎস এই রেমিট্যান্স বা প্রবাসীদের পাঠানো অর্থ। এসব দেশের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পগুলো টিকিয়ে রাখার অন্যতম স্তম্ভ এই রেমিট্যান্স,’ প্রতিবেদনে বলেছে বিশ্বব্যাংক।

চলতি বছর ভারতে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে, তা দেশটির বার্ষিক মোট উৎপাদনের (জিডিপি) ৩ শতাংশ।

ভারত ছাড়া বিশ্বের আরও যেসব দেশে ২০২২ সালে রেমিট্যান্স পাঠানোর হার বেড়েছে, সেসব হলো— মেক্সিকো, চীন, মিসর ও ফিলিপাইন।

গত কয়েক বছরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুরসহ বিশ্বের উন্নত দেশগুলোতে হাজার হাজার ভারতীয় উচ্চবেতনের বিভিন্ন চাকরি করছেন, কিংবা রেস্তোঁরা-দোকানপাটসহ খুচরা নানা ব্যবসায় নিজেদের গুছিয়ে নিয়েছেন। ফলে প্রতি বছরেই নিজ দেশে তাদের রেমিট্যান্স পাঠানোর হারও বাড়ছে।

করোনা মহামারির কারণে অবশ্য এই ধারায় ছেদ পড়েছিল। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, মহামারির প্রভাবে অর্থনৈতিক স্থবিরতার জেরে ভারত, নেপালসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রেমিট্যান্স পাঠানোর হার হ্রাস পেয়েছিল ১০ শতাংশেরও বেশি।

সূত্র : বিবিসি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *