“আপনাদের ছবি ছাপিয়ে দেব, ক্রেডিট নিয়ে নিন!” লোকসভায় বিরোধীদের কেন এমন বললেন প্রধানমন্ত্রী মোদী?

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল এবং আসন বিন্যাস নিয়ে আলোচনার মাঝেই বিরোধীদের কড়া ভাষায় বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিলের কৃতিত্ব বা ‘ক্রেডিট’ নেওয়া নিয়ে বিরোধী শিবিরের দীর্ঘদিনের আপত্তির জবাবে এদিন রসিকতা আর শ্লেষ মিশিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজনে তিনি বিরোধীদের সবার ছবি ছাপিয়ে ক্রেডিট দিয়ে দেবেন, তাও যেন বিলটি পাশ হতে বাধা না দেওয়া হয়।

সংসদে দাঁড়িয়ে মোদীর তোপ: বৃহস্পতিবার লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন,

“আপনারা কি ক্রেডিটের কথা ভাবছেন? কাল যদি এই বিল পাশ হয়, তবে আমি আপনাদের সবার ছবি ছাপিয়ে ক্রেডিট দিয়ে দেব। আপনারা যা চাইছেন, সেই ক্রেডিটের ব্ল্যাঙ্ক চেক আমি আপনাদের আজই দিয়ে দিচ্ছি।”

তিনি আরও যোগ করেন যে, বিলের বিরোধিতা করলে তাঁর রাজনৈতিক লাভ হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু সবাই একমত হলে দেশের মঙ্গল। প্রধানমন্ত্রী স্পষ্ট করে দেন, এই বিলের সাফল্য কোনো নির্দিষ্ট দলের নয়, বরং এটি গোটা দেশের সাফল্য।

নারীশক্তির জয়গান: মহিলাদের প্রশাসনিক দক্ষতা ও সংবেদনশীলতার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, রাজ্য চালাতে গিয়ে তিনি দেখেছেন মহিলারা কতটা দক্ষতার সঙ্গে কাজ করেন। সংসদকে সমৃদ্ধ করার ক্ষেত্রেও নারীশক্তির ভূমিকা অপরিসীম। তিনি প্রশ্ন তোলেন, “আজ আমাদের মহিলারা যখন সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন, তখন তাঁদের অধিকার দেওয়ার প্রশ্নে আমরা এত দ্বিধায় কেন?”

অতীতের প্রসঙ্গ টেনে কড়া বার্তা: কোনো বিশেষ দলের নাম না নিলেও প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন যে, অতীতে যারা এই বিলের বিরোধিতা করেছিল, দেশের মহিলারা তাঁদের ক্ষমা করেননি এবং নির্বাচনে তার যোগ্য জবাব দিয়েছেন। তিনি আবেদন জানান, দেশের মা-বোনেদের অধিকারের লড়াইয়ে যেন অহেতুক রাজনীতির রঙ না লাগানো হয়।

কেন এই বিল গুরুত্বপূর্ণ? রাজনৈতি বিশ্লেষকদের মতে, মহিলা সংরক্ষণ বিল ভারতের সংসদীয় কাঠামোয় এক যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে। প্রধানমন্ত্রী মোদী এই বিলটিকে একটি জাতীয় ইস্যু হিসেবে তুলে ধরে বিরোধীদের কার্যত কোণঠাসা করে দিলেন ‘ক্রেডিট’ দেওয়ার টোপ ফেলে।