সিবিএসই দশম শ্রেণির ফল প্রকাশ: মেয়েদের জয়জয়কার, টেক্কা দিল সরকারি স্কুলও!

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) আজ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দশম শ্রেণির পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। পরীক্ষার্থীরা এখন cbseresults.nic.in-এ গিয়ে তাদের রেজাল্ট দেখতে পাচ্ছেন। এ ছাড়া UMANG অ্যাপ এবং ডিগিলকারের মাধ্যমেও ফলাফল জানা যাচ্ছে। এ বছর সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৯৩.৭০ শতাংশ, যা গত বছরের তুলনায় কিছুটা বেশি। বরাবরের মতো এ বছরও ছেলেদের (৯২.৬৯%) তুলনায় মেয়েরা (৯৪.৯৯%) ভালো ফল করেছে।

রাজ্যভিত্তিক ফলাফলের দিকে তাকালে দেখা যাচ্ছে, ৯৯.৭৯ শতাংশ পাসের হার নিয়ে ত্রিভান্দ্রম এবং বিজয়ওয়াড়া যুগ্মভাবে শীর্ষস্থান দখল করেছে। দিল্লির ফলও বেশ আশাপ্রদ (৯৭.৩৮%)। স্কুলের নিরিখে এ বছর চমক দিয়েছে সরকারি স্কুলগুলি। কেন্দ্রীয় বিদ্যালয় (KVS) এবং জওহর নবোদয় বিদ্যালয়ের (JNV) পাসের হার যথাক্রমে ৯৯.৫৭% এবং ৯৯.৪২%। সাধারণ সরকারি স্কুলগুলির পাসের হার ৯১.৪৩ শতাংশ।

তবে এ বছরও কোনো মেরিট লিস্ট প্রকাশ করেনি সিবিএসই। এমনকি প্রথম, দ্বিতীয় বা তৃতীয়—এমন কোনো বিভাগও (Division) উল্লেখ করা হয়নি। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পড়ুয়াদের মধ্যে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা বন্ধ করতে এবং মানসিক চাপ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যারা প্রতিটি বিষয়ে শীর্ষ ০.১ শতাংশ নম্বরের মধ্যে থাকবে, তাদের বিশেষ ‘মেরিট সার্টিফিকেট’ দেওয়া হবে, যা ছাত্রছাত্রীরা ডিগিলকার থেকে সংগ্রহ করতে পারবে।