বিদেশি মহিলার হাত ধরে টানাটানি, গালে চুমু দেওয়ার চেষ্টা!

কোরিয়া থেকে ভারতে ঘুরতে আসা এক নারী পর্যটককে উত্যক্ত করার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, মহারাষ্ট্রের মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায় ওই নারী ইউটিউবারের হাত ধরে টানাটানির অভিযোগ রয়েছে দুই যুবকের বিরুদ্ধে। পাশাপাশি তার গালে চুমু দেওয়ার চেষ্টা করা হয় বলেও গ্রেফতার হওয়াদের বিরুদ্ধে অভিযোগ।
এদিকে বিদেশি নারীকে উত্যক্ত করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এরইমধ্যে ভাইরাল হয়েছে। সেই ভিডিও প্রকাশ্যে আসার পরই অভিযুক্তদের খুঁজে বের করে গ্রেফতার করেছে পুলিশ।
ভিডিওতে দেখা গেছে, কোরিয়া থেকে আসা ওই নারী ইউটিউবার নিজের পথচলার ভিডিও শুট করছিলেন। হঠাৎই ক্যামেরার সামনে মুখ বাড়াতে শুরু করেন স্থানীয় দুই যুবক। তাদের মধ্যে এক জন ওই নারীর হাত ধরে টেনে নিয়ে গিয়ে স্কুটারে বসানোর জন্য জোরাজুরি শুরু করেন। ভাঙা ভাঙা ইংরাজিতে প্রতিবাদ করে ওই নারী হাত ছাড়িয়ে পিছিয়ে আসেন। বাধা দিয়ে ফিরে আসার পর নারীর গালে চুমু খাওয়ার চেষ্টা করতেও দেখা গিয়েছে ওই যুবককে।
এরপর ওই নারী হাঁটতে হাঁটতে এগিয়ে গেলে অভিযুক্তরা স্কুটার নিয়ে তার পিছু নেন। নারীকে গাড়িতে চাপিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার জন্যও জোর করেন তারা। তবে নারী আপত্তি জানানোয় তারা স্কুটার নিয়ে পালিয়ে যান। গোটা ঘটনা ভিডিওতে দেখা গিয়েছে।
বাড়ি ফিরে পুরো ঘটনার ভিডিও টুইটারে আপলোড করে নারী লেখেন, ‘‘গত রাতে ভিডিও শুট করার সময় একজন আমাকে হয়রানি করতে শুরু করেন। ওর সঙ্গে এক জন বন্ধুও ছিল। আমি বেশি কথা না বলে চলে যাওয়ার আপ্রাণ চেষ্টা করলে ওরা আমাকে বিরক্ত করতে থাকেন। এখানে এসে আমার এক তিক্ত অভিজ্ঞতা হয়েছে।’’
ইউটিউবারের ওই ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা পুলিশের দৃষ্টি আকর্ষণ করে। এর পরই তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। মুম্বাই পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়াদের বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলা রুজু করা হয়েছে।