“চোখে চোখ রাখার সাহস নেই মোদীর”, রায়গঞ্জের সভায় আরএসএস-বিজেপিকে তুলোধনা রাহুলের!

নির্বাচন ঘোষণার পর এই প্রথমবার নীল-সাদার রাজ্যে পা রাখলেন কংগ্রেসের হেভিওয়েট নেতা রাহুল গান্ধী। আর প্রথম সভাতেই তাঁর আক্রমণের নিশানায় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে আয়োজিত জনসভা থেকে মোদী সরকারের ভিত কাঁপিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। রাহুল গান্ধী এদিন আত্মবিশ্বাসের সুরে দাবি করেন, “আমি চাইলে মাত্র ২ মিনিটে নরেন্দ্র মোদীর রাজনৈতিক কেরিয়ার শেষ করে দিতে পারি।” তাঁর এই মন্তব্য ঘিরেই এখন রাজ্য তথা জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।

বিজেপি ও আরএসএস-কে একযোগে বিঁধে রাহুল এদিন দাবি করেন, প্রধানমন্ত্রী তাঁকে বারবার থামিয়ে দেওয়ার চেষ্টা করেন। রায়গঞ্জের মঞ্চ থেকে হুঙ্কার ছেড়ে তিনি বলেন, “নরেন্দ্র মোদী ভয় পান। তিনি আমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারেন না।” রাহুলের অভিযোগ, কেন্দ্রীয় সরকার বাংলাকে প্রাপ্য টাকা দিচ্ছে না এবং বঞ্চনার রাজনীতি চালাচ্ছে। বিজেপিকে ‘ভোট-চোর’ আখ্যা দিয়ে তিনি আরও বলেন, “বিজেপি উন্নয়ন দিয়ে নয়, বরং প্রতিপক্ষের ভোট চুরি করে জয়লাভ করতে চায়।”

বাংলার মানুষের কাছে আবেদন জানিয়ে রাহুল গান্ধী বলেন, এই লড়াই সংবিধান ও গণতন্ত্র বাঁচানোর লড়াই। কেন্দ্রের বৈষম্যমূলক নীতির কারণেই সাধারণ মানুষ আজ বিপন্ন। রায়গঞ্জের এই হাই-ভোল্টেজ সভা থেকে রাহুলের আক্রমণের সুর বুঝিয়ে দিচ্ছে যে, আগামী দিনগুলোতে উত্তরবঙ্গে ভোটের লড়াই আরও তীব্র হতে চলেছে। রায়গঞ্জ আসনটিতে কংগ্রেসের হারানো জমি পুনরুদ্ধার করতেই যে রাহুলের এই বিশেষ সফর, তা স্পষ্ট রাজনৈতিক মহলের কাছে।