ট্রেনের মান্থলি কাটলে লস! রেলের এই নতুন অ্যাপে টিকিট কাটলেই পকেটে আসবে টাকা

ভারতীয় রেল (Indian Railways) সাধারণ মানুষের যাতায়াতের লাইফলাইন। বিশেষ করে নিত্যযাত্রীরা যারা প্রতিদিন অফিস বা ব্যবসার কাজে যাতায়াত করেন, তাদের প্রথম পছন্দ হলো ট্রেনের মান্থলি টিকিট। কিন্তু আপনি কি জানেন, প্রতি মাসে মান্থলি রিনিউ করার অভ্যেস আপনার পকেট থেকে অতিরিক্ত টাকা খসিয়ে নিচ্ছে? রেল আধিকারিকদের মতে, একটু বুদ্ধি খাটিয়ে রেলের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করলে বছরে আপনি কয়েক হাজার টাকা সাশ্রয় করতে পারেন। এর জন্য রেলের বিশেষ অ্যাপ ‘Rail One’ ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

রেল সূত্রের খবর অনুযায়ী, বর্তমানে ডিজিটাল ইন্ডিয়ার যুগে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার সময় আর নেই। সময় বাঁচাতে এবং স্বচ্ছতা বজায় রাখতে রেল নিয়ে এসেছে এই বিশেষ অ্যাপ। তবে শুধুমাত্র সময় বাঁচানোই নয়, টিকিট কাটার ধরনে পরিবর্তন আনলে বিশাল অঙ্কের ছাড় পাওয়া সম্ভব। রেল আধিকারিকরা জানাচ্ছেন, বেশিরভাগ যাত্রী প্রতি মাসে মান্থলি কার্ড রিনিউ করেন। কিন্তু আপনি যদি মাসিক পাসের বদলে তিন মাস (Quarterly), ছয় মাস (Half-yearly) বা এক বছরের (Annually) পাস কাটেন, তবে সাশ্রয় হবে অনেক বেশি।

হিসাব বলছে, তিন মাসের পাসের ক্ষেত্রে মাসিক পাসের তুলনায় প্রায় ৮-১২% পর্যন্ত সাশ্রয় হতে পারে। উদাহরণস্বরূপ, যদি কোনো রুটে এক মাসের টিকিটের দাম ১০০ টাকা হয়, তবে তিন মাসের হিসেবে তা ৩০০ টাকা হওয়ার কথা। কিন্তু কোয়ার্টারলি পাস কাটলে তা পাওয়া যেতে পারে মাত্র ২৬০ টাকায়। অর্থাৎ সোজা ৪০ টাকা পকেটে ঢুকবে। একইভাবে ছয় মাস বা এক বছরের টিকিট কাটলে এই ছাড়ের পরিমাণ ১৫-২০% পর্যন্ত পৌঁছে যায়। অর্থাৎ যারা প্রতিদিন যাতায়াত করেন, তাদের জন্য এক বছরের অ্যানুয়াল পাস সবথেকে বেশি লাভজনক।

‘Rail One’ অ্যাপ ব্যবহার করে এই সুবিধা নেওয়া অত্যন্ত সহজ। প্রথমে স্মার্টফোনে অ্যাপটি ইনস্টল করে নিজের মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে। এরপর ‘Season Ticket’ অপশনে গিয়ে নিজের রুট এবং পাসের মেয়াদ (৩ মাস, ৬ মাস বা ১ বছর) সিলেক্ট করতে হবে। পেমেন্ট গেটওয়ের মাধ্যমে টাকা জমা দিলেই ডিজিটাল পাস আপনার ফোনে চলে আসবে। সবথেকে বড় সুবিধা হলো, টিকিট চেকারকে অ্যাপের ভেতরেই টিকিট দেখালে চলবে, আলাদা করে কোনো কাগজ বহন করার বা প্রিন্ট করার প্রয়োজন নেই। এতে পরিবেশও রক্ষা পায় এবং হারিয়ে যাওয়ার ভয়ও থাকে না। সুতরাং, খরচ কমাতে আজই পাল্টে ফেলুন আপনার টিকিট কাটার ধরন।

Saheli Saha
  • Saheli Saha