ইরান-আমেরিকা যুদ্ধবিরতির মাঝেই ভেনেজুয়েলা থেকে তেলের পাহাড আসছে ভারতে! স্বস্তি না কি স্রেফ কৌশল?

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা মোকাবিলায় এবার বড় পদক্ষেপ নিল ভারত। রাশিয়া ও ইরানের তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে এবার ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার দিকে হাত বাড়িয়েছে নয়াদিল্লি। কমোডিটি অ্যানালিটিক্স সংস্থার রিপোর্ট অনুযায়ী, চলতি মাসেই ভেনেজুয়েলা থেকে প্রায় ১০ থেকে ১২ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ভারতে পৌঁছনোর কথা রয়েছে। এত বিপুল পরিমাণ তেল এর আগে কখনও ভেনেজুয়েলা থেকে একসঙ্গে আসেনি।

আমেরিকা ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি ঘোষিত হলেও হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহের ভবিষ্যৎ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এই পরিস্থিতিতে ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভেনেজুয়েলার এই তেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে, আন্তর্জাতিক বাজারে সস্তায় তেল কিনলে কি এবার পেট্রোল ও ডিজেলের দাম কমবে?

বিশেষজ্ঞরা অবশ্য এখানে একটি ‘বাস্তব’ সমস্যার কথা তুলে ধরেছেন। ভেনেজুয়েলার অপরিশোধিত তেল অত্যন্ত ‘ভারী’ (Heavy Crude), যা পরিশোধন বা রিফাইন করার প্রক্রিয়া বেশ জটিল এবং ব্যয়বহুল। ফলে কেনার সময় দাম কম মনে হলেও, পরিশোধনের অতিরিক্ত খরচ যোগ করলে শেষ পর্যন্ত মোট দাম আন্তর্জাতিক বাজারের সাধারণ তেলের প্রায় সমান হয়ে যায়। তাই এই বিপুল আমদানির ফলে পকেটে সরাসরি বড় স্বস্তি আসার সম্ভাবনা কম। মূলত রাশিয়ার ওপর অতিনির্ভরশীলতা কমানো এবং যুদ্ধের কারণে সরবরাহ বিঘ্নিত হওয়ার ঝুঁকি এড়াতেই ভারত এই কৌশল নিয়েছে। সরকারের এখন প্রধান লক্ষ্য সস্তা তেলের চেয়েও ‘নিরবচ্ছিন্ন সরবরাহ’ নিশ্চিত করা।