নববর্ষে ভোজনরসিকদের পোয়াবারো! তারেক রহমানের সৌজন্যে পয়লা বৈশাখেই পাতে পড়ছে পদ্মার ইলিশ

ইলিশ মানেই বাঙালির আবেগ, আর সেই আবেগের কেন্দ্রবিন্দুতে সবসময়ই রাজত্ব করে বাংলাদেশের পদ্মার ইলিশ। দীর্ঘ টানাপোড়েনের পর এবার মাছপ্রেমীদের জন্য এল সুখবর। বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন ও নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের জমানায় ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। জানা যাচ্ছে, এবারের পয়লা বৈশাখেই এপার বাংলার বাজার মাতাতে আসছে ওপার বাংলার রুপোলি শস্য।

ইউনূস সরকারের আমলে বাংলাদেশ থেকে ইলিশ আমদানির পরিমাণ তলানিতে ঠেকলেও, নতুন সরকারের সৌজন্যে ফের পদ্মার ইলিশের স্বাদ পেতে চলেছে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার মানুষ। তবে বাজারে ইলিশ এলেই সাধারণ মানুষের মনে একটিই প্রশ্ন ঘোরে— যেটা কিনছি সেটা কি সত্যিই পদ্মার ইলিশ? কারণ, বর্তমান বাজারে গুজরাট বা বম্বে থেকে আসা ‘সমুদ্রের ইলিশ’ অনেক সময় পদ্মার ইলিশ বলে চালিয়ে দেওয়া হয়।

পদ্মার আসল ইলিশ চিনবেন কীভাবে?
মাছ বিক্রেতা ও বিশেষজ্ঞদের মতে, একটু খুঁটিয়ে দেখলেই আপনি আসল-নকলের পার্থক্য বুঝতে পারবেন। পদ্মার ইলিশের আঁশ হয় তুলনামূলক ছোট এবং এই মাছ অত্যন্ত উজ্জ্বল বা চকচকে হয়। বিশেষ করে চট্টগ্রামের দিকের ইলিশের রঙে একটা হালকা লালচে ভাব থাকে। অন্যদিকে, আরব সাগর বা গুজরাট থেকে আসা ইলিশের আঁশ বড় হয় এবং গায়ের রঙ হয় কিছুটা কালচে ও অনুজ্জ্বল। স্বাদ ও গন্ধের নিরিখে পদ্মার ইলিশের ধারেকাছে পৌঁছাতে পারে না বম্বের মাছ। তাই পয়লা বৈশাখের বাজারে পকেট খসানোর আগে মাছের ঔজ্জ্বল্য আর আঁশের বিন্যাস দেখে নিলেই মিলবে স্বাদের গ্যারান্টি।