ছবি ফ্লপ হতেই পকেট থেকে চেক বের করলেন অক্ষয়! একতা কাপুরের সামনে যা করলেন খিলাড়ি কুমার, তা আগে দেখেনি বলিউড

বলিউডে যেখানে এক একজন তারকা তাঁদের পারিশ্রমিক নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেন, সেখানে এক অনন্য নজির গড়লেন অক্ষয় কুমার। নিজের ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে দেখে প্রযোজকের ক্ষতি সইতে না পেরে সটান নিজের পারিশ্রমিকের টাকা ফেরত দিয়ে দিলেন অভিনেতা। অক্ষয়ের এই অভাবনীয় কাণ্ড দেখে রীতিমতো আকাশ থেকে পড়েছিলেন বলিউডের অন্যতম সফল প্রযোজক একতা কাপুর। তাঁর দীর্ঘ ৩১ বছরের পেশাদার জীবনে এমন অভিজ্ঞতার মুখে তিনি কোনোদিন পড়েননি।

সম্প্রতি অক্ষয় কুমার ও প্রিয়দর্শন জুটির নতুন ছবি ‘ভূত বাংলা’-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এই অজানা গল্প প্রকাশ্যে আনেন একতা। বিষয়টি ২০১৩ সালের ছবি ‘ওয়ান্স আপন আ অ্যা টাইম ইন মুম্বই দোবারা’ কেন্দ্রিক। প্রায় ৮৫ কোটি টাকা বাজেটের সেই ছবিতে অক্ষয় কুমার, ইমরান খান ও সোনাক্ষী সিনহা থাকলেও বক্স অফিসে ছবিটি সফল হয়নি। বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়েছিল প্রযোজক সংস্থা। একতা জানান, ছবি ফ্লপ হওয়ার পর অক্ষয় একদিন অত্যন্ত সাধারণভাবে তাঁর কাছে এসে একটি চেক বাড়িয়ে দেন। খিলাড়ি কুমার সাফ জানান, ছবির ক্ষতির দায়ভার তিনিও নিতে চান এবং সেই কারণেই তিনি তাঁর পারিশ্রমিক ফেরত দিচ্ছেন।

অক্ষয়ের এই সৌজন্যবোধে একতা স্তম্ভিত হয়ে গেলেও তিনি সেই চেক গ্রহণ করেননি। বরং অক্ষয়ের প্রতি বিশ্বাস রেখে তিনি বলেন, “আমি টাকা ফেরত নেব না। তার বদলে আপনি আমার জন্য আর একটি ছবি করুন।” একতার সেই জেদ আর অক্ষয়ের সততার মিশুনেই তৈরি হচ্ছে তাঁদের পরবর্তী প্রজেক্ট। দীর্ঘ বিরতির পর প্রিয়দর্শন ও অক্ষয় কুমার জুটির প্রত্যাবর্তন ঘটছে ‘ভূত বাংলা’ ছবির মাধ্যমে। কমেডি ও হররের এই মিশেলে অক্ষয় ছাড়াও রয়েছেন তাবু, পরেশ রাওয়াল এবং রাজপাল যাদবের মতো শক্তিশালী অভিনেতারা। আগামী ১৬ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলা এই ছবি ঘিরে এখন উন্মাদনা তুঙ্গে।