সেক্টর ফাইভে বাসের পিষে দিল আইটি কর্মীকে! প্রেমিকের ঘুম ভাঙতে দেরি হওয়ায় অ্যাপ বাইক নেওয়াই কি কাল হলো?

আইটি তালুক সল্টলেক সেক্টর ফাইভের ব্যস্ত রাস্তায় ফের ঝরল রক্ত। মঙ্গলবার সকালে আরএস সফটওয়্যারের সামনে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হলো কিরণ মিশ্রা নামে এক আইটি কর্মীর। পুলিশ সূত্রে খবর, কিরণ আদতে বর্ধমানের বাসিন্দা হলেও কর্মসূত্রে কেষ্টপুরে এক ভাড়া বাড়িতে থাকতেন। প্রতিদিন তাঁর প্রেমিক তাঁকে অফিসে নামিয়ে দিয়ে আসতেন, কিন্তু এদিন প্রেমিকের ঘুম ভাঙতে দেরি হওয়ায় নিজের গন্তব্যে পৌঁছাতে অ্যাপ বাইক বুক করেছিলেন কিরণ। আর সেই সিদ্ধান্তই তাঁর জীবনে শেষ যাত্রা হয়ে দাঁড়াল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে আরএস সফটওয়্যার মোড়ে একটি করুণাময়ী-ঘাটাল রুটের দ্রুতগামী সরকারি বাস পিছন থেকে সজোরে অ্যাপ বাইকটিতে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে বাইকের পিছন থেকে ছিটকে রাস্তায় পড়ে যান কিরণ। রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালের তরফে জানানো হয়েছে, শরীরের বাইরে বড় কোনো আঘাত না থাকলেও মারাত্মক অভ্যন্তরীণ রক্তক্ষরণের (Internal Injury) কারণেই তাঁর মৃত্যু হয়েছে। ঘাতক বাস এবং চালককে ইতিমধ্যেই আটক করেছে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ।

এই ঘটনার পর সল্টলেকের ট্রাফিক ব্যবস্থা নিয়ে ফের ক্ষোভে ফেটে পড়েছেন অফিসযাত্রীরা। তাঁদের অভিযোগ, অফিস টাইমে রেষারেষি এবং বাসের বেপরোয়া গতি সল্টলেকের নিত্যদিনের চিত্র। বারবার অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ প্রশাসন কোনো কঠোর পদক্ষেপ না নেওয়ায় প্রাণ হারাতে হচ্ছে সাধারণ মানুষকে। সেক্টর ফাইভের মতো ভিড় এলাকায় কেন বাসের গতি নিয়ন্ত্রণে কড়াকড়ি নেই, সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে।