বিজেপির হয়ে তলায় তলায় কাজ করছেন মিম নেতা? মালদহের হাইভোল্টেজ প্রচার থেকে বড় পর্দাফাঁস মমতার!

মালদহ জেলা এখন আক্ষরিক অর্থেই রাজ্য রাজনীতির এপিসেন্টার। শুক্রবারের পর শনিবারও এই জেলায় ম্যারাথন প্রচার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মানিকচক, রতুয়া, মালতিপুর এবং গাজোলে চারটি পৃথক জনসভা করবেন তিনি। তবে এই প্রচারের আবহে সবথেকে বেশি চর্চায় উঠে এসেছে কালিয়াচকের ২ নম্বর পঞ্চায়েত দফতরে এসআইআর (SIR) কাজে যুক্ত বিচারকদের আটকে রাখার চাঞ্চল্যকর ঘটনা। খোদ দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন, যা প্রশাসনিক স্তরে প্রবল অস্বস্তি তৈরি করেছে।
এই অশান্তির ঘটনায় আইনজীবী তথা মিম (AIMIM) নেতা মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও মুখ্যমন্ত্রী শুক্রবারই দাবি করেছেন যে, মোফাক্কেরুল আসলে তলায় তলায় বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন। অন্যদিকে, আজ মালতিপুরের সভার দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য। কারণ, এই কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছেন গনি খান পরিবারের সদস্য মৌসম নূর। উল্লেখ্য, কিছুদিন আগেও মৌসম তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন। দল ছেড়ে পুরোনো ঘরে ফিরেই তিনি তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন।
ঘরের মেয়ে মৌসমের বিরুদ্ধে মমতা আজ কী রাজনৈতিক বাণ প্রয়োগ করেন, সেটাই এখন দেখার। উত্তেজনার এই টানটান আবহে মালদহের মাটি থেকে আজ মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী জোট ও মিম-বিজেপি আঁতাঁত নিয়ে বড় কোনো বার্তা দেন কি না, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।