বিশ্বকাপে হ্যাটট্রিক বিপর্যয়! ইস্তফা দিলেন বুফোঁ, ভাঙনের মুখে ইতালি ফুটবল ফেডারেশন!

ইতালীয় ফুটবলে অন্ধকার নামল। টানা তৃতীয়বার বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার পর এবার তাসের ঘরের মতো ভেঙে পড়ছে নীল জার্সিধারীদের ফুটবল প্রশাসন। বৃহস্পতিবারই ফিগো (FIGC) প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল গ্র্যাভিনা পদত্যাগ করেছিলেন। এবার সেই পথেই হাঁটালেন কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইগি বুফোঁ। আজ্জুরিদের প্রতিনিধি দলের প্রধান পদ থেকে সরে দাঁড়িয়েছেন ২০০৬-এর বিশ্বজয়ী এই গোলকিপার।

বসনিয়া ও হার্জেগোভিনার কাছে প্লে-অফ ফাইনালে হার যেন কফিনে শেষ পেরেক পুঁতে দিয়েছে। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি শেষবার বিশ্বকাপ খেলেছিল ২০১৪ সালে। এক সময়ের দাপুটে ফুটবল শক্তির এই শোচনীয় পতনে ক্ষুব্ধ দেশের ক্রীড়ামন্ত্রক। পরিস্থিতি এতটাই জটিল যে, প্রাক্তন প্রেসিডেন্ট গ্র্যাভিনাকে আগামী ৮ এপ্রিল সংসদীয় কমিটির সামনে হাজির হয়ে কৈফিয়ত দিতে হবে।

সোশ্যাল মিডিয়ায় বুফোঁ তাঁর বিদায়বার্তায় লিখেছেন, “আমরা সাফল্য আনতে পারিনি, তাই নতুনদের জন্য জায়গা ছেড়ে দেওয়াই শ্রেয়।” এদিকে হারের সব দায় এখন কোচ জেন্নারো গাত্তুসোর ওপর। আগামী জুনে তাঁর মেয়াদ শেষ হলেও, তার আগেই তাঁর বিদায় কার্যত নিশ্চিত বলে মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে, ইতালির ডাগ-আউটে ফিরতে পারেন অ্যান্তোনিয়ো কন্তে অথবা রবার্তো মানচিনি। আলোচনায় রয়েছে মাসিমিলিয়ানো অ্যালেগ্রির নামও।