৪০ ডিগ্রির দহন জ্বালায় মিলবে স্বস্তি! কালবৈশাখীর দাপটে ভিজতে চলেছে তিলোত্তমা, বড় আপডেট হাওয়া অফিসের

একদিনের ভ্যাপসা গরম ছিল স্রেফ ট্রেলার! ক্যালেন্ডারের পাতায় এপ্রিল পড়তেই সূর্যিমামা যেভাবে চোখ রাঙাতে শুরু করেছে, তাতে হাড়হাড় টের পাওয়া যাচ্ছে আগামী দু-মাস কী দহনজ্বালা অপেক্ষা করছে। তবে এই চরম অস্বস্তির মাঝেই খুশির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। চৈত্রের কাঠফাটা রোদ কমাতে রাজ্যে আবার ফিরছে ঝড়-বৃষ্টি।
কলকাতার আবহাওয়া:
আজ তিলোত্তমার আকাশ আংশিক মেঘলা থাকবে। মূলত দুপুর বা বিকেলের পর থেকেই মেঘ জমতে শুরু করবে আকাশে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির আশেপাশে থাকলেও, বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি হওয়ায় ঘামজনিত অস্বস্তি চরমে উঠবে। তবে রবিবার থেকেই বদলে যাবে ছবিটা। আগামী রবিবার থেকে বুধবার পর্যন্ত শহর কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এবং জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
জেলার হালহকিকত:
দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। আজ ও আগামীকাল হাওড়া, হুগলি, দুই ২৪ পরগণা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বর্ধমান, বীরভূম ও দুই মেদিনীপুরে শুষ্ক ও উষ্ণ আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। তবে স্বস্তির খবর এটাই যে, নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী ৩ দিনের মধ্যে ৩-৪ ডিগ্রি তাপমাত্রা হ্রাসের সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকেই পশ্চিমের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিলতে পারে।
উত্তরবঙ্গের পরিস্থিতি:
দক্ষিণের পাশাপাশি উত্তরেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ থেকেই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাহাড়ের শীতল হাওয়া সমতলের গরম কমাতে কতটা সাহায্য করে, এখন সেদিকেই তাকিয়ে বাঙালি।