ফিরছে ‘কফি উইথ করণ’! এবার কার হাঁড়ির খবর ফাঁস করবেন বলিউডের ‘গসিপ কিং’?

বলিউডের অন্দরমহলের গোপন খবর, তারকাদের প্রেম-বিচ্ছেদ আর বিতর্কিত মন্তব্যের আঁতুরঘর বলতে একটিই নাম মাথায় আসে— ‘কফি উইথ করণ’। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও টিনসেল টাউনের সেই বিখ্যাত কফি কাপে চুমুক দিতে তৈরি সঞ্চালক করণ জোহর। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬-এর শেষভাগেই ওটিটি প্ল্যাটফর্মে রাজকীয়ভাবে প্রত্যাবর্তন করতে চলেছে এই জনপ্রিয় চ্যাট শো-এর নবম সিজন।
অষ্টম সিজনের পারফরম্যান্স নিয়ে খোদ করণ জোহর নিজেই খুব একটা সন্তুষ্ট ছিলেন না। বিশেষ করে ‘র্যাপিড ফায়ার’ রাউন্ডটি গতবার কিছুটা জৌলুস হারিয়েছিল বলে মনে করেন তিনি। এক সাক্ষাৎকারে করণ স্বীকার করেছিলেন যে, গত সিজনটি দর্শকদের কাছে কিছুটা একঘেয়ে ঠেকেছে। তবে নবম সিজনে তিনি ‘নিউ সিনট্যাক্স’ বা সম্পূর্ণ নতুন আঙ্গিক আনার প্রতিশ্রুতি দিয়েছেন। শোনা যাচ্ছে, বর্তমান দর্শকদের রুচি এবং ওটিটি-র ট্রেন্ড মাথায় রেখে শো-এর ফরম্যাট আরও ছোট এবং তীক্ষ্ণ করা হবে।
জিও হটস্টারের সঙ্গে গাঁটছড়া?
ইন্ডাস্ট্রির অন্দরের খবর, নবম সিজনের জন্য জিও হটস্টারের (Jio Hotstar) সঙ্গে প্রাথমিক কথাবার্তা শুরু হয়েছে। এবারের অতিথি তালিকায় থাকতে পারে বিশাল চমক। শুধু বলিউডের এ-লিস্টার তারকারা নন, এবার করণের কাউচে দেখা যেতে পারে দক্ষিণি সুপারস্টার, ওটিটি সেনসেশন এবং জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদেরও। দুই ভিন্ন ইন্ডাস্ট্রির তারকাদের একসঙ্গে বসিয়ে তাঁদের মুখ থেকে গোপন কথা বের করে আনার পুরনো কারিকুরি আবারও দেখাতে চলেছেন করণ।
সম্প্রতি ২০২৫-এ মুক্তি পাওয়া কাজল ও টুইঙ্কল খান্নার জনপ্রিয় টক শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’-এ হাজির হয়েছিলেন করণ। সেখানে নিজের ইমেজ নিয়ে মজার ছলে তিনি বলেন, “কফি উইথ করণ-এর জন্যই লোকে আমাকে একইসঙ্গে ভালোবাসে এবং ঘৃণা করে। শো-তে আমি একটা বিশেষ চরিত্র অভিনয় করি যেখানে আমাকে স্পষ্টবক্তা, বুদ্ধিদীপ্ত এবং মাঝেমধ্যে একটু পরনিন্দা-পরচর্চাকারী হতে হয়। কারণ ওটাই শো-এর ইউএসপি।”
২০০৪ সালে পথচলা শুরু করা এই শো ইতিমধ্যে আটটি সফল সিজন এবং ১৫০-এর বেশি এপিসোড পার করেছে। শাহরুখ খান থেকে আলিয়া ভাট, রণবীর সিং থেকে দীপিকা পাড়ুকোন— বলিউডের প্রায় সব রথী-মহারথীরাই করণের কাউচে বসে নিজেদের ব্যক্তিগত জীবনের জট খুলেছেন। চুক্তির বিষয়গুলো এখনও চূড়ান্ত না হলেও, করণের শরীরী ভাষায় স্পষ্ট যে এবারের সিজন আগের সব রেকর্ড ভাঙতে চলেছে। এখন শুধু দেখার, নবম সিজনে কার হাঁড়ির খবর মাঝরাস্তায় ফাঁস করেন করণ জোহর!