মালদহকাণ্ডে নবান্নে জরুরি বৈঠক! মুখ্য সচিবের তলবে সব জেলার ডিএম-এসপি, কড়া বার্তার পথে প্রশাসন

মালদহের কালিয়াচক ও মোথাবাড়িতে ভোটার তালিকায় নাম বাদ দেওয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া নজিরবিহীন অশান্তির জেরে এবার নড়েচড়ে বসল রাজ্য প্রশাসন। শুক্রবার নবান্নে জরুরি ভার্চুয়াল বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্য সচিব দুষ্মন্ত নাড়িয়ালা। রাজ্যের সমস্ত জেলাশাসক (DM), পুলিশ সুপার (SP) এবং পুলিশ কমিশনারদের এই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, দিল্লির জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পরেই এই জরুরি পদক্ষেপ নিলেন মুখ্য সচিব।
গত বুধবার মালদহের কালিয়াচক ২ নম্বর ব্লকে এসআইআর (SIR) প্রক্রিয়া চলাকালীন সাতজন বিচারবিভাগীয় আধিকারিককে দীর্ঘ সময় আটকে রাখার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধের জেরে উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত কড়া অবস্থান নিয়ে সিবিআই (CBI) বা এনআইএ (NIA) তদন্তের নির্দেশ দিয়েছেন। শীর্ষ আদালতের এই নির্দেশের পরেই নবান্ন জেলা প্রশাসনকে আইনশৃঙ্খলা বজায় রাখতে চরম সতর্কবার্তা দিতে চলেছে।
এদিকে, এই অশান্তির ঘটনায় মূল উস্কানিদাতা হিসেবে অভিযুক্ত এআইএমআইএম (AIMIM) নেতা মোফাক্কেরুল ইসলামকে শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, ঘটনার রাতে গাড়ির বনেটে উঠে উস্কানিমূলক ভাষণ দিয়ে জনতাকে উত্তেজিত করেছিলেন তিনি। ১৭ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়া এবং সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তাকে কেন্দ্র করে যাতে ভোটের আগে আর কোথাও অশান্তি না ছড়ায়, সেটাই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য।