বোনের খুনি কি বিজিত? ‘পরশুরাম’-এ এবার হাই-ভোল্টেজ ড্রামা! তটিনীর নতুন মিশনে কাঁপবে অপরাধী জগত

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘পরশুরাম’-এর প্রতিটি পর্বই যেন উত্তেজনার পারদ চড়াচ্ছে। ইন্দ্রজিৎ বসু ও তৃণা সাহা অভিনীত এই মেগা সিরিয়ালে এবার আসতে চলেছে বিরাট মোড়। ধারাবাহিকের নতুন প্রোমো আসতেই দর্শক মহলে শুরু হয়েছে জোর চর্চা। একদিকে নিজের বোন শিবানীর মৃত্যুর বিচার পেতে মরিয়া পরশুরাম, অন্যদিকে তটিনী জড়িয়ে পড়ছে নতুন এক বিপদের জালে।
গল্পের নতুন মোড়ে দেখা যাচ্ছে, কুসুমপুরে গোপন মিশনে গিয়ে পরশুরাম জানতে পেরেছে যে শিবানী আসলে তাঁরই বোন। কিন্তু স্থানীয় থানায় গিয়ে শিবানীর চরিত্র নিয়ে কুরুচিকর মন্তব্য শুনে মেজাজ হারায় সে। পরশুরামের সন্দেহ, এই সবকিছুর নেপথ্যে রয়েছে পুরনো শত্রু বিজিত। পরশুরাম ও তটিনী দুজনেই এখন বিজিতকে উপযুক্ত শাস্তি দিতে বদ্ধপরিকর। কিন্তু বিজিতও কি সহজে ছেড়ে দেওয়ার পাত্র? সেও তৈরি হচ্ছে পরশুরামের মুখোমুখি হতে।
অন্যদিকে, তটিনীকে মাদকচক্রের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তবে গল্পের মোচড় এখানেই— এই গ্রেফতারি আসলে তটিনীর একটি সুক্ষ্ম চাল! পরশুরামদের হেড অফিসে বসে সে নতুন এক মিশনের ব্লু-প্রিন্ট তৈরি করছে। পরশুরাম ও তটিনী মিলে কি পারবেন শিবানীর খুনের কিনারা করতে? পরশুরামের অতীতের সঙ্গে কি তটিনীর কোনও গোপন যোগ রয়েছে? এই সব প্রশ্নের উত্তর মিলবে প্রতিদিন রাত ৮টায়, শুধুমাত্র স্টার জলসার পর্দায়।