মমতা-অভিষেকের বাড়ির সামনে শুভেন্দু-শাহের হুঙ্কার! রণক্ষেত্র ভবানীপুর, পুলিশের জালে জোড়া মামলা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ কলকাতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাশে নিয়ে শুভেন্দুর এই মেগা শো-কে কেন্দ্র করে তৈরি হওয়া বিশৃঙ্খলার জেরে এবার কঠোর পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। নির্বাচন কমিশনের নির্দেশে কালীঘাট ও আলিপুর থানায় দুটি পৃথক এফআইআর (FIR) দায়ের করা হয়েছে।

শুক্রবার শুভেন্দু অধিকারীর মনোনয়ন যাত্রায় হাজির ছিলেন অমিত শাহ, স্বপন দাশগুপ্ত এবং সন্তোষ পাঠকের মতো হেভিওয়েট নেতারা। মিছিলটি যখন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, তখনই উত্তেজনা চরমে পৌঁছায়। তৃণমূল সমর্থকরা মাথায় কালো কাপড় বেঁধে ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করেন। দু-পক্ষের স্লোগান ও পালটা স্লোগানে কেঁপে ওঠে এলাকা। পরিস্থিতি সামাল দিতে ডিসি সাউথের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ময়দানে নামে। পুলিশের অভিযোগ, আগাম অনুমতি ও নির্ধারিত কর্মসূচি থাকা সত্ত্বেও অন্য রাজনৈতিক দল কেন জমায়েত করল এবং কেন তারস্বরে মাইক বাজানো হলো— এই সব বিষয় খতিয়ে দেখতেই মামলা রুজু করা হয়েছে।

এদিন শুভেন্দুর হয়ে প্রচার করতে নেমে বিস্ফোরক দাবি করেন অমিত শাহ। তিনি জানান, শুভেন্দু প্রথমে শুধুমাত্র নন্দীগ্রাম থেকেই লড়তে চেয়েছিলেন। কিন্তু শাহের পরামর্শেই তিনি ভবানীপুরে প্রার্থী হতে রাজি হন। শাহের কথায়, “আমি শুভেন্দুকে বলেছিলাম, শুধু নন্দীগ্রাম নয়, মমতার ঘরে ঢুকে তাঁকে হারাতে হবে। বাংলার পরিবর্তনের জন্য ভবানীপুরে শুভেন্দুকে জেতানো জরুরি।” নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও শুভেন্দুর লড়াই এবার বঙ্গ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল।