৭ এপ্রিল প্রকাশ পাচ্ছে মেঘালয় বোর্ডের দশম শ্রেণির ফলাফল, গত বছরের সাফল্যের রেকর্ড কি ভাঙবে এবার?

মেঘালয় বোর্ডের (MBOSE) দশম শ্রেণির পরীক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। মেঘালয় বোর্ড অফ স্কুল এডুকেশন (MBOSE) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, সেকেন্ডারি স্কুল লিভিং সার্টিফিকেট (SSLC) পরীক্ষা ২০২৬-এর ফলাফল আগামী মঙ্গলবার, ৭ এপ্রিল সকাল ১১টায় প্রকাশিত হবে। ছাত্রছাত্রীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট mbose.in-এ গিয়ে তাদের রেজাল্ট দেখতে পারবেন। এছাড়াও mboseresults.in এবং megresults.nic.in সাইট থেকেও ফলাফল জানা যাবে।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার কোনো অফিস বা নোটিশ বোর্ডে ফলাফল প্রদর্শন করা হবে না। পড়ুয়াদের সরাসরি অনলাইন পোর্টাল থেকেই মার্কশিট বা রেজাল্ট বুকলেট ডাউনলোড করে নিতে হবে। উল্লেখ্য, এ বছর দশম শ্রেণির পরীক্ষা শুরু হয়েছিল ৩০ জানুয়ারি এবং শেষ হয়েছিল ১১ ফেব্রুয়ারি। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত একটি শিফটে এই পরীক্ষা নেওয়া হয়।

কীভাবে দেখবেন আপনার রেজাল্ট?
১. প্রথমেই MBOSE-এর অফিসিয়াল ওয়েবসাইট mbose.in-এ যান।
২. হোমপেজে থাকা ‘MBOSE SSLC Result 2026’ লিঙ্কে ক্লিক করুন।
৩. এরপর নতুন পেজ খুললে আপনার রোল নম্বর এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করুন।
৪. সাবমিট বাটনে ক্লিক করলেই স্ক্রিনে আপনার রেজাল্ট ভেসে উঠবে।
৫. ভবিষ্যতের জন্য রেজাল্টটি ডাউনলোড করে একটি প্রিন্ট কপি নিজের কাছে রাখুন।

গত বছরের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, ২০২৫ সালে ৫ এপ্রিল ফলাফল প্রকাশিত হয়েছিল এবং পাসের হার ছিল ৮৭.১০ শতাংশ। সেবার লিশা আগরওয়াল এবং আভিলা ক্যাথরিন পি. লিংডোহ ৫৮২ নম্বর পেয়ে যুগ্মভাবে শীর্ষস্থান অধিকার করেছিলেন। এবারও পাসের হার এবং মেধাতালিকা নিয়ে যথেষ্ট কৌতুহল রয়েছে শিক্ষা মহলে।