শিল্পক্ষেত্রে মাথায় হাত! লিটারপ্রতি ১৩৭ টাকা ছাড়াল ডিজেল, ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা বাজারে

পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাব পড়ল ভারতের জ্বালানি বাজারে। প্রিমিয়াম পেট্রোলের পর এবার শিল্পক্ষেত্রে ব্যবহৃত ডিজেলের (Bulk Diesel) দাম এক লাফে ২৫ শতাংশেরও বেশি বাড়িয়ে দিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। নতুন দাম অনুযায়ী, শিল্পে ব্যবহৃত এই ডিজেলের দাম লিটার প্রতি ১৩৭ টাকা ৮১ পয়সা হয়েছে। অর্থাৎ এক ধাক্কায় দাম বাড়ল প্রায় ২৮ টাকা।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (Crude Oil) দাম ব্যারেল প্রতি ১০৮ ডলার ছাড়িয়ে যাওয়ার ফলেই এই মূল্যবৃদ্ধি বলে দাবি করেছে তেল সংস্থাগুলি। মূলত হাই-স্পিড ডিজেল (HSD), যা বড় কারখানা, শপিং মল বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়, তার উপরেই এই কোপ পড়েছে। এর পাশাপাশি ফার্নেস তেলের দামও লিটার প্রতি প্রায় ২৪ টাকা বাড়ানো হয়েছে। উল্লেখ্য, গত মার্চ মাসেই এক দফায় ২২ টাকা দাম বাড়ানো হয়েছিল, যার ফলে দাম ১০৯ টাকা ৫৯ পয়সা হয়েছিল। এবার তা ১৩৭ টাকা ছাড়িয়ে গেল।
তবে সাধারণ মানুষের জন্য খুচরো পেট্রোল ও ডিজেলের দামে (Retail Price) আপাতত কোনও পরিবর্তন করা হয়নি, যা স্বস্তির খবর। কিন্তু বিশেষজ্ঞদের মতে, শিল্পক্ষেত্রে জ্বালানির দাম এতখানি বাড়লে উৎপাদন খরচ একধাক্কায় অনেকটা বেড়ে যাবে। ফলে আগামী দিনে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতা না কমলে জ্বালানির এই ঊর্ধ্বগতি কোথায় গিয়ে থামবে, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে বাণিজ্যিক মহল।