বিয়ের আসরে মিষ্টি-যুদ্ধ! ‘কেন দেওয়া হলো না রসমালাই?’ এই প্রশ্নেই চরম লঙ্কাকাণ্ড, ছিঁড়ল পাঞ্জাবি, ঝরল রক্ত

বিয়েবাড়ি মানেই আলোর রোশনাই, এলাহি খাওয়াদাওয়া আর আনন্দ-উৎসব। কিন্তু সেই আনন্দ যে এক নিমেষে বিষাদে পরিণত হতে পারে, তার সাক্ষী থাকল রাজস্থানের কোটা শহর। সৌজন্যে— এক বাটি ‘রসমালাই’। সামান্য এই মিষ্টির পদ পরিবেশন করা হয়নি, এই অভিযোগ তুলেই দুই পক্ষের মধ্যে বেঁধে গেল লঙ্কাকাণ্ড। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাল যে, আনন্দ অনুষ্ঠান কার্যত রণক্ষেত্রের চেহারা নিল।
ঘটনাটি ঘটেছে কোটা বিমানবন্দরের ঠিক উল্টো দিকের একটি অনুষ্ঠান বাড়িতে। প্রত্যক্ষদর্শীদের মতে, সবটাই ঠিকঠাক চলছিল। বর-কনেকে আশীর্বাদ, হাসি-ঠাট্টা আর আড্ডায় মজেছিলেন অতিথিরা। কিন্তু বিপত্তি ঘটল ডিনার টেবিল। খাওয়ার সময় এক পক্ষের কয়েকজন অতিথি অভিযোগ করেন, তাঁদের রসমালাই পরিবেশন করা হয়নি। পরিবেশনকারীদের সঙ্গে প্রথমে কথা কাটাকাটি শুরু হলেও মুহূর্তের মধ্যে তা দু’পক্ষের বড়সড় সংঘর্ষে রূপ নেয়।
বিয়েবাড়ির অন্দরে শুরু হওয়া সেই ঝগড়া কেবল মুখ দেখাদেখিতে সীমাবদ্ধ থাকেনি। হাতাহাতি থেকে শুরু করে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েন আমন্ত্রিতরা। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে, মারপিট অনুষ্ঠান বাড়ি ছাড়িয়ে রাস্তায় গিয়ে ঠেকে। রাস্তার মাঝে দুই পক্ষকে হাতাহাতি করতে দেখে ভিড় জমান পথচারীরাও। এই রক্তারক্তি কাণ্ডে দুই যুবক মাথায় গুরুতর আঘাত পান। তাঁদের তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এক বাটি মিষ্টির জন্য এমন হিংসাত্মক ঘটনা দেখে স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা। অনেকে বিশ্বাসই করতে পারছেন না যে, রসমালাই না পাওয়ার ক্ষোভ থেকে কেউ এভাবে মারপিট করতে পারে। শেষ পর্যন্ত ঘটনার জল গড়িয়েছে থানা পর্যন্ত। এক পক্ষ ইতিমধ্যেই বিজ্ঞান নগর থানায় ন্যায়বিচারের দাবিতে অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গোটা কোটা শহরে এখন আলোচনার কেন্দ্রবিন্দু একটাই— ‘রসমালাই ট্র্যাজেডি’।