সাবধান! বাজারে ঘুরছে হুবহু নকল WhatsApp; ডাউনলোড করলেই ফাঁকা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ব্যক্তিগত তথ্য!

বর্তমান যুগে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হোয়াটসঅ্যাপ (WhatsApp)। কিন্তু এই জনপ্রিয়তাকে হাতিয়ার করেই এবার সক্রিয় হয়েছে আন্তর্জাতিক হ্যাকার চক্র। বাজারে ছেয়ে গিয়েছে নকল হোয়াটসঅ্যাপ অ্যাপ, যা দেখতে একদম আসল অ্যাপের মতোই। কিন্তু ভুল করে এটি ডাউনলোড করলেই আপনার ফোনের সমস্ত গোপন তথ্য চলে যাবে হ্যাকারদের কবলে। সম্প্রতি এই বিষয়ে ব্যবহারকারীদের কড়া সতর্কতা জারি করেছে মেটা (Meta)।

মেটার ইঞ্জিনিয়ারিং টিম জানিয়েছে, ইতালির ‘Asigint’ নামক একটি হ্যাকার গ্রুপ এই জালিয়াতির নেপথ্যে রয়েছে। তারা বিভিন্ন চ্যাটিং প্ল্যাটফর্ম ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই নকল অ্যাপের লিঙ্ক ছড়িয়ে দিচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ইতিমধ্যে আইফোন এবং অ্যান্ড্রয়েড মিলিয়ে প্রায় ২০০ জন ব্যবহারকারী এই ম্যালওয়্যারের শিকার হয়েছেন। হ্যাকাররা মূলত এই নকল অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীর কন্টাক্ট লিস্ট, মেসেজ, এমনকি ব্যাঙ্কিং ডিটেইলসও হাতিয়ে নিচ্ছে।

মেটা জানিয়েছে, তারা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত অ্যাকাউন্টগুলি শনাক্ত করে সেগুলি নিষ্ক্রিয় করে দিয়েছে এবং সংশ্লিষ্ট ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়ে সতর্ক করেছে। তবে স্বস্তির খবর এটাই যে, যারা শুধুমাত্র ওই নকল অ্যাপটি ডাউনলোড করেছেন, বিপদ কেবল তাদের জন্যই। হোয়াটসঅ্যাপের মূল সার্ভার বা আসল অ্যাপের নিরাপত্তায় কোনো ফাটল ধরেনি। মেটা আরও জানিয়েছে, তারা খুব শীঘ্রই ওই হ্যাকার গোষ্ঠীকে আইনি নোটিশ পাঠাতে চলেছে।

জালিয়াতি রুখতে মেটা সম্প্রতি ‘স্ক্যাম ও ফ্রড প্রটেকশন টুল’ লঞ্চ করেছে। এই টুলটি সন্দেহজনক লিঙ্ক ডিটেক্ট করতে সক্ষম। তবে বিশেষজ্ঞদের পরামর্শ, গুগল প্লে-স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর ছাড়া অন্য কোনো অজানা লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো অ্যাপ ডাউনলোড করবেন না। ফোনের নিরাপত্তা বজায় রাখতে সবসময় অফিশিয়াল ভার্সন ব্যবহার করাই শ্রেয়।


Samrat Das
  • Samrat Das