ভোটের আগে বড় ধাক্কা! ১১% ভোটারের নাম ডিলিট? তালিকায় নিজের নাম চেক করার স্টেপ-বাই-স্টেপ গাইড

রাজ্যের ভোটার তালিকায় বড়সড় রদবদল। প্রকাশ পেল এসআইআর (SIR) বা সাপ্লিমেন্টারি তালিকার প্রথম অংশ। এই তালিকায় নাগরিকদের নাম থাকা না-থাকার ওপর নির্ভর করছে আগামী দিনে তাঁদের ভোটাধিকার। পরিসংখ্যান বলছে, খসড়া এবং চূড়ান্ত তালিকা মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ৭৬ লক্ষ নাম বাদ পড়ার জল্পনা তৈরি হয়েছে। এর মধ্যে নির্দিষ্টভাবে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম বাদ যাওয়ার বিষয়টি উঠে এসেছে। আগামী শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হতে চলেছে, যেখানে মোট ভোটারের প্রায় ১১ শতাংশের নাম বাদ পড়ার আশঙ্কা করা হচ্ছে।

যাঁদের ভোটার সংক্রান্ত তথ্য ‘আন্ডার অ্যাজুডিকেশন’ বা বিচারাধীন অবস্থায় ছিল, তাঁদের জন্য এই আপডেটটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিচারবিভাগীয় পুঙ্খানুপুঙ্খ যাচাইয়ের পর কার নাম ইনক্লুশন লিস্টে (Inclusion List) জায়গা পেল আর কার নাম ডিলিটেড লিস্টে (Deleted List) চলে গেল, তা এখন অনলাইনেই দেখে নেওয়া সম্ভব।

ইনক্লুশন বনাম ডিলিটেড লিস্ট: কোনটি কী? পুরো প্রক্রিয়ার পর দুটি পৃথক তালিকা তৈরি করা হয়েছে। প্রথমটি হলো ‘ইনক্লুশন লিস্ট’। যদি আপনার নাম এই তালিকায় থাকে, তবে নিশ্চিন্ত থাকুন—আপনার নথিপত্র বৈধ বলে স্বীকৃত হয়েছে এবং আপনি একজন বৈধ ভোটার হিসেবে চূড়ান্ত অনুমতি পেয়েছেন। তবে এই তালিকায় নাম থাকলেও যদি বানানে ভুল থাকে, তবে সংশোধনের জন্য ১৫ দিন সময় মিলবে। অন্যদিকে, আপনার নাম যদি ‘ডিলিটেড লিস্ট’-এ থাকে, তবে বুঝতে হবে আপনার জমা দেওয়া নথিগুলি সন্তোষজনক ছিল না এবং মূল তালিকা থেকে আপনার নাম বাদ দেওয়া হয়েছে।

স্ক্রিনে কি ‘No Adjudication…’ দেখাচ্ছে? তালিকা চেক করার সময় অনেক নাগরিকের স্ক্রিনে ‘No Adjudication Pertaining to This Part Till 5 PM’ লেখাটি ভেসে উঠতে পারে। এর মানে হলো, আপনার এলাকার আবেদনগুলির ওপর আধিকারিকরা এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। আপনার ফাইলটি এখনও প্রক্রিয়াধীন। আগামী সপ্তাহের আপডেটে আপনার স্ট্যাটাস পরিবর্তিত হতে পারে।