বন্দে ভারত থেকে সাধারণ ট্রেন—পাথর ছুড়লেই রেহাই নেই, কঠোর শাস্তির মুখে পড়বেন আপনিও

ট্রেনে পাথর ছোড়ার ক্রমবর্ধমান প্রবণতা রুখতে এবার রণংদেহি মেজাজে ভারতীয় রেল। বিশেষ করে বন্দে ভারতের মতো প্রিমিয়াম ট্রেন চালুর পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে পাথর ছোড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এবার আর কেবল জরিমানা নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদি কারাদণ্ডের ঘোষণা করা হয়েছে। রেলের স্পষ্ট বার্তা, ছোট অপরাধ ভেবে যারা ট্রেনে পাথর ছুড়ছেন, তাদের ভবিষ্যৎ চিরতরে অন্ধকার হতে পারে।

রেল সূত্রের খবর, গত ২৪ জানুয়ারি ২০২৬-এর পরিসংখ্যানেই শিউরে ওঠার মতো তথ্য মিলেছে। হাওড়া ডিভিশনে ৬টি ঘটনায় ৫ জন এবং শিয়ালদহ ডিভিশনে ৪টি মামলায় ৪ জন গ্রেপ্তার হয়েছে। আসানসোল ও মালদহ মিলিয়ে আরও ২১টি ঘটনায় বহু অভিযুক্তকে শ্রীঘরে পাঠানো হয়েছে। এই পাথর ছোড়ার ফলে জানালার ধারে বসে থাকা সাধারণ যাত্রী, বিশেষ করে শিশুরা গুরুতর জখম হচ্ছে। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে মূল্যবান সরকারি সম্পত্তি।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (CPRO) শ্রী শিবরাম মাঝি এক সতর্কবার্তায় জানিয়েছেন, রেললাইন সংলগ্ন প্রতিটি এলাকা এখন সিসিটিভি নজরদারির আওতায়। অপরাধীদের শনাক্ত করতে এই রেকর্ডিংগুলি অকাট্য প্রমাণ হিসেবে ব্যবহৃত হচ্ছে। রেলওয়ে আইনের ১৫২ ধারা অনুযায়ী, যদি কেউ আঘাত করার উদ্দেশ্যে পাথর ছোড়ে, তবে তার যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হতে পারে। আবার ১৫৪ ধারা অনুযায়ী, অবহেলার কারণে ঘটা অপরাধের জন্য এক বছরের জেল বা জরিমানা হতে পারে। সাধারণ মানুষকে সতর্ক করে রেল জানিয়েছে, ট্রেনে পাথর ছোড়া কেবল খেলা নয়, এটি একটি জামিন অযোগ্য অপরাধ।