গলা ভেজাতে পকেটে টান! ইরান সংঘাতের জেরে হু হু করে বাড়ছে বিয়ারের দাম?

গ্রীষ্মের দাবদাহ শুরু হতে না হতেই দুঃসংবাদ সুরাপ্রেমীদের জন্য। ইরানকে কেন্দ্র করে চলা আন্তর্জাতিক সংঘাতের আঁচ এবার সরাসরি এসে লাগল ভারতের বিয়ার বাজারে। একদিকে যখন পারদ চড়ছে এবং ঠান্ডা বিয়ারের চাহিদা তুঙ্গে, ঠিক তখনই সরবরাহ শৃঙ্খলে বড়সড় ফাটল দেখা দিয়েছে। উৎপাদন খরচ মাত্রাছাড়া বেড়ে যাওয়ায় ভারতের বাজারে বিয়ারের দাম ১২ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে চলেছে।
বিশ্বখ্যাত বিয়ার প্রস্তুতকারক সংস্থা ‘হাইনেকেন’ এবং ‘কার্লসবার্গ’ ইতিমধ্যেই ভারতের বাজারে সরবরাহ বজায় রাখতে হিমশিম খাচ্ছে। তবে মজার বিষয় হলো, সংকটের মূলে বিয়ারের অভাব নয়, বরং প্যাকেজিং উপকরণের আকাল। ইরান সংঘাতের কারণে প্রাকৃতিক গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় কাঁচের বোতল তৈরির কারখানাগুলি চরম ক্ষতির মুখে পড়েছে। এর ফলে খালি বোতলের দাম প্রায় ২০ শতাংশ বেড়ে গিয়েছে। পাশাপাশি অ্যালুমিনিয়াম আমদানিতে জটিলতা তৈরি হওয়ায় বিয়ারের ক্যান তৈরিতেও টান পড়েছে।
প্যাকেজিংয়ের অন্যান্য আনুষঙ্গিক যেমন কাগজের কার্টন, লেবেল ও টেপের দামও পাল্লা দিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে ‘ব্রুয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া’ জানিয়েছে, বর্তমান খরচের চাপ সামলে আগের দামে বিয়ার বিক্রি করা কার্যত অসম্ভব। সংস্থাগুলি ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য সরকারের কাছে বিয়ারের দাম ১২ থেকে ১৫ শতাংশ বাড়ানোর আর্জি জানিয়েছে। ফলে তীব্র গরমে গলার তৃষ্ণা মেটাতে এবার সুরাপ্রেমীদের পকেটে বাড়তি টান পড়া এখন সময়ের অপেক্ষা।