দাসপুরে অভিষেকের মেগা হুঙ্কার: “বিজেপি ক্ষমতা দেখালে আমরা উন্নয়ন দেখাব”, লড়বেন চ্যালেঞ্জে?

নির্বাচনী রণক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার দাসপুরের জনসমুদ্র সাক্ষী থাকল এক আক্রমণাত্মক মেজাজের, যেখানে শাণিত যুক্তিতে উন্নয়নের খতিয়ান তুলে ধরে গেরুয়া শিবিরকে ধরাশায়ী করার ডাক দিলেন তিনি। অভিষেক স্পষ্ট জানান, দিল্লি টাকা আটকে দিলেও বাংলার উন্নয়ন থমকে থাকবে না।

এদিন সভার শুরু থেকেই আত্মবিশ্বাসী মেজাজে দেখা যায় তৃণমূলের ‘সেনাপতি’কে। তিনি সাফ জানান, কালাচাঁদ সেতু নির্মাণ এবং দুধকুমড়া-কোলাঘাট জাসর সেতুর পুনর্নির্মাণের মতো দীর্ঘদিনের দাবি মেটাতে রাজ্য সরকার বদ্ধপরিকর। কেন্দ্রের অসহযোগিতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “কেন্দ্রীয় সরকার টাকা না দিলেও রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে ১৫০০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পগুলি সম্পন্ন করবে।”

দাসপুরের দীর্ঘদিনের জলনিকাশি সমস্যা সমাধানেও বড় ঘোষণা করেন তিনি। অভিষেক জানান, পলাশপাই চন্ডেশ্বর খালসহ একাধিক খালের ড্রেজিংয়ের জন্য ইতিমধ‍্যেই ২০০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। জমা জল দ্রুত বের করতে পাম্প সিস্টেমের মাধ্যমে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি, এলাকার ২০টি অঞ্চলের রাস্তা সংস্কারের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে তিনি জানান। স্থানীয় স্বর্ণকারদের দীর্ঘদিনের দাবি মেনে ‘গোল্ড হাব’ চালুর প্রতিশ্রুতি এবং নিরাপত্তার খাতিরে নতুন পুলিশ স্টেশন তৈরির বিষয়টিও তার বক্তব্যে অগ্রাধিকার পায়।

বিজেপিকে আক্রমণ করতে গিয়ে অভিষেক বলেন, “উন্নয়ন নিয়ে বিজেপি যে কোনো জায়গায়, যে কোনো সময়ে আমার সঙ্গে বিতর্কে বসুক। ওরা শুধু বিভাজনের রাজনীতি জানে, আর আমরা জানি মানুষের পাশে দাঁড়াতে।” লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ তুলে তিনি মহিলাদের সতর্ক করেন। এনআরসি, নোটবন্দি এবং লকডাউনের ভোগান্তির কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, বিজেপি সাধারণ মানুষকে বারবার লাইনে দাঁড় করাতে চায়। ১০০ দিনের কাজ এবং আবাস যোজনার বকেয়া টাকা আটকে রেখে কেন্দ্র বাংলার মানুষের পেটে লাথি মারছে বলেও তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পরিশেষে, উন্নয়নের ধারা বজায় রাখতে তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান অভিষেক।